নিউটাউনঃ রাস্তার ধারে পড়ে থাকা মুখবন্ধ বস্তা ঘিরে সন্দেহ তৈরি হয়েছিল স্থানীয়দের। পুলিশ এসে বস্তা খুলতেই বেরিয়ে আসে আধপচা এক যুবকের দেহ। শনিবার সকালে নিউটাউনের স্বামীজি নগরে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস। বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’-তিন দিন আগেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। দেহে একাধিক ক্ষতচিহ্নও মিলেছে। ঘটনার তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ফুটেজে দেখা গিয়েছে, ভোরের দিকে এক যুবক কাঁধে করে বস্তাবন্দি কিছু একটা নিয়ে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি বাইকের পিছনে রেখে যাচ্ছে। ভোর প্রায় ৪টে ২০ মিনিট নাগাদ ওই যুবককে বস্তা ফেলতে দেখা যায়। কিছুক্ষণ ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর বাইকে চেপে চলে যায় সে। আলো কম থাকায় সিসিটিভি ফুটেজে তার মুখ স্পষ্ট ভাবে ধরা পড়েনি।
পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনও বস্তু দিয়ে মুখে আঘাত করা হয়ে থাকতে পারে সৌরভকে। এদিকে জানা গিয়েছে, ঘটনার কয়েক দিন আগে থেকেই নিখোঁজ ছিলেন তিনি। তদন্তে নেমে চারজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আটক চারজনই সৌরভের বন্ধু। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।
বিষয় : CrimeNews NEWTOWNKOLKATA murder mystery

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন