কাঠমাণ্ডু: হড়পা বানে বিধ্বস্ত নেপাল। এখনও ভারতীয়দের নিয়ে উদ্বেগ কাটছে না। পর্যটক থেকে শুরু করে কর্মসূত্রে নেপালে থাকা বহু ভারতীয় এখনও নিখোঁজ। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ৮৮ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজের তালিকায় রয়েছেন আরও ২৮৭ জন ।
গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকাই হড়পা বান আসে। একাধিক এলাকা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। এখনও সেখানে চলছে উদ্ধারকাজ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, শনিবার ওই বিপর্যস্ত এলাকা থেকে আরও চার ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। তাঁদের কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হবে। উদ্ধার হওয়া চার জন হলেন রিপু কুমার, চানেশ্বর নারজ়ারি, কৃপা শঙ্কর এবং মহম্মদ মিনহাজুদ্দিন। শুধু নিখোঁজ ভারতীয়দের উদ্ধার নয়, নেপালের বিপর্যয় মোকাবিলাতেও সাহায্যের হাত বাড়িয়েছে নয়াদিল্লি। বুধবার থেকেই নেপালের বন্যাবিধ্বস্ত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত ৫৭.৬ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। প্রথম দিকে বিদেশি উদ্ধারকারী দল নিয়ে কিছুটা অনীহা থাকলেও পরে নেপাল সরকারের অনুমতি মেলায় ভারত থেকে বিশেষ দল পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, নেপালে ফরেনসিক দল এবং সুড়ঙ্গ উদ্ধারে বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই ১১ সদস্যের একটি বিশেষ প্রযুক্তি দল নেপালে পৌঁছেছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া মানুষদের উদ্ধারে প্রয়োজনীয় সহায়তা করবে তারা। আরও একটি বিশেষজ্ঞ দলও শনিবার কাঠমান্ডু পৌঁছনোর কথা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন