কলকাতাঃ কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। অবশেষে নিম্নচাপের প্রভাব কিছুটা কাটতেই বুধবার সকালে দেখা মিলেছে রোদের। তবে এই স্বস্তিকে স্থায়ী বলে ধরে নেওয়ার কারণ নেই। আকাশে মেঘের আনাগোনা থাকছে, আর দুপুরের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা ও আশপাশের এলাকায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরের পারদ স্বাভাবিকের নীচেই ছিল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি। এই সময়ের মধ্যে কলকাতায় ১৫.১ মিলিমিটার বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গের ছবিটাও পুরোপুরি পরিষ্কার নয়। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছু অংশে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই তিন জেলায় কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তাই সকালে রোদের দেখা মিললেও বর্ষা এখনই বিদায় নিচ্ছে না।
বিষয় : Kolkata Weather Update

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন