কলকাতাঃ অবশেষে মিলল স্বস্তি! সব মামলা থেকেই জামিন পেলেন স্বরূপ বিশ্বাস। মঙ্গলবার নিউ আলিপুর থানার মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। ফলে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া পাঁচটি মামলার প্রতিটিতেই আপাতত আইনি জট থেকে মুক্তি পেলেন টালিগঞ্জের ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।
স্বরূপের বিরুদ্ধে নিউ আলিপুর এবং রিজেন্ট পার্ক থানায় আর্থিক প্রতারণা, শ্লীলতাহানি, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের হয়েছিল। নিউ আলিপুরের মামলায় আর্থিক প্রতারণা ও অস্ত্র আইনের ধারাও যুক্ত ছিল। গত ৪ জুন তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর আগে রিজেন্ট পার্ক থানায় দায়ের হওয়া তিনটি মামলার মধ্যে একে একে জামিন পেয়েছিলেন স্বরূপ। কোথাও জেল হেফাজত, আবার কোথাও পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল তাঁকে। এবার নিউ আলিপুর থানার মামলাতেও জামিন মেলায় তাঁর বিরুদ্ধে থাকা পাঁচটি মামলার কোনওটিতেই আর হেফাজতে থাকার বাধ্যবাধকতা রইল না।
নিউ আলিপুরের মামলায় এক মেকআপ আর্টিস্ট স্বরূপের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছিলেন। যদিও পরে সমাজমাধ্যমে পোস্ট করে ওই মহিলা দাবি করেন, তিনি সরাসরি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করতে চাননি। সেই মামলাতেও তদন্ত চলছিল। মাত্র দু’মাসের মধ্যে একে একে সব মামলায় জামিন পাওয়ায় এবার স্বরূপের জেলমুক্তির পথও কার্যত প্রশস্ত হল। আদালতের পরবর্তী প্রক্রিয়া শেষ হলেই তিনি জেল থেকে বেরোতে পারবেন বলে জানা যাচ্ছে।
বিষয় : Swarup Biswas Bengal Politics

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন