দিল্লিঃ অসুস্থ বর্ষীয়ান সিপিএম নেতা বিমান বসু। দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। শনিবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বিমান বসুর শরীরে পেসমেকার বসানো হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন তিনি। দু’-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে বামফ্রন্ট নেতাকে।
শুক্রবার দলীয় কাজে কলকাতা থেকে বিমানে দিল্লি যাচ্ছিলেন বিমান বসু। বিমানে থাকাকালীনই সামান্য অসুস্থ বোধ করেন তিনি। দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁকে নিয়ে যাওয়া হয় দলের দিল্লির কার্যালয় একে গোপালন ভবনে। সেখানে চিকিৎসক পরীক্ষা করে শরীরে অক্সিজেনের ঘাটতি রয়েছে বলে জানান। এর পরেই তাঁকে দিল্লি এইমসে নিয়ে যান দলের সদস্যরা। সেখানে ফের পরীক্ষা-নিরীক্ষার পর অক্সিজেন দেওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। পরে তাঁর একটি ছোট অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়।
৮৭ বছর বয়স হলেও দীর্ঘদিন ধরেই শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের জন্য পরিচিত বিমান বসু। নিয়মিত রুটিন চেকআপও করাতেন তিনি। দলের সূত্রে খবর, দিল্লিতে গেলে এইমসে তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করানোর কথা ছিল। তবে তার আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল বর্ষীয়ান নেতাকে।
বিষয় : BengalPolitics biman basu mohammadsalim

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন