দিঘা: এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে দিঘায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে। মাইতিঘাটের কাছ থেকে দেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, মৃতের নাম তমোজিৎ পাকড়াশি (৩২)। তিনি কলকাতার গিরিশ পার্ক থানা এলাকার বাসিন্দা। তবে তাঁর মৃত্যুর নেপথ্যে দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
গত ৫ আগস্ট দিঘার মাইতিঘাটের কাছে সমুদ্রে একটি দেহ ভাসতে দেখেন নুলিয়ারা। তাঁরা দেহটি উদ্ধার করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দিঘা থানার পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে। তাই এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি খুন সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। প্রথমদিকে মৃতের পরিচয় জানা যায়নি। তাই তাঁর ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছিল। পাশাপাশি তাঁর পকেট থেকে উদ্ধার হয় একটি মোবাইল ফোনও। যদিও ফোনটি জলে ভিজে অচল হয়ে গিয়েছিল। পরে সিম কার্ডটি অন্য একটি মোবাইলে ভরে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় পুলিশ। এরপরই মৃতের পরিচয় নিশ্চিত করা হয়।
তদন্তকারীদের দাবি, পরিবারের সদস্যরা জানিয়েছেন, তমোজিৎ পাকড়াশি মানসিকভাবে অসুস্থ ছিলেন। মাঝেমধ্যেই তিনি বাড়ি থেকে বেরিয়ে চলে যেতেন। আবার পরে ফিরে আসতেন। কিন্তু এবার অনেকটা কেটে গেলেও তিনি বাড়ি ফেরেননি। পরিবারের তরফেও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হলেও তাঁর কোনও সন্ধান মেলেনি। পরে দিঘা পুলিশের কাছ থেকেই মৃত্যুর খবর জানতে পারেন তাঁরা।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন