কলকাতাঃ গঙ্গার জলপথে এবার যাতায়াতের নতুন অধ্যায়। পরিবহণ ব্যবস্থাকে আরও পরিবেশবান্ধব করার লক্ষ্যে দেশের মধ্যে প্রথম ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল তৈরির উদ্যোগ নিল রাজ্য। সেই লক্ষ্যে শনিবার গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের হাতে তুলে দেওয়া হয়েছে দুটি ভেসেল তৈরির দরপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ-সহ সরকারের একাধিক প্রতিনিধি এবং শিপ বিল্ডার্সের আধিকারিকেরা।
দুটি ভেসেল তৈরিতে মোট খরচ হবে প্রায় ৪২ কোটি টাকা। সম্পূর্ণ ব্যাটারিচালিত এই ভেসেলগুলি পরিবেশবান্ধব প্রযুক্তিতে তৈরি করা হবে। প্রতিটি ভেসেলে একসঙ্গে প্রায় ১০০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন বলে জানানো হয়েছে। সরকারের পরিকল্পনা, আগামী ১৫ মাসের মধ্যে গঙ্গায় নামানো হবে দুটি ভেসেল। গঙ্গাকে শুধু পর্যটনের জন্য নয়, দৈনন্দিন পরিবহণ ব্যবস্থার অংশ হিসেবেও আরও বেশি করে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। সেই পরিকল্পনার অংশ হিসেবেই ওয়াটার ট্যাক্সি এবং ওয়াটার মেট্রো চালুর কথাও ইতিমধ্যে জানানো হয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হল ব্যাটারিচালিত যাত্রীবাহী ভেসেল। বেলুড় এবং দক্ষিণেশ্বরের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটনকেন্দ্রকে জলপথের মাধ্যমে যুক্ত করার উপর জোর দেওয়া হচ্ছে।
বর্তমানে গঙ্গায় লঞ্চ ও ভটভটির মাধ্যমে যাত্রী পরিবহণ হয়। নতুন পরিবেশবান্ধব ভেসেল পরিষেবা চালু হলে আগামী দিনে প্রচলিত জলযানগুলির উপর নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। শুধু যাত্রীবাহী ভেসেল নয়, জলদাপাড়ায় ভেঙে যাওয়া দুটি বেইলি ব্রিজ নিয়েও কাজ করছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স। ওই ব্রিজ তৈরির বরাতও পেয়েছে সংস্থাটি। ব্রিজ এবং জলযান মিলিয়ে মোট প্রায় ৪৫ কোটি টাকা খরচ হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন