টানা নিম্নচাপ। বাড়ি থেকে বেরোলেই কাকভেজা হয়ে বাড়ি ফিরছেন। অস্বস্তি কমাতে পোশাক ধুয়েও দিচ্ছেন। কিন্তু ধুলেই তো হবে না। শুকোবেন কীভাবে?
বৃষ্টি সাময়িক স্বস্তি দেয়। কিন্তু বাড়ির কাজকর্মে শুরু হয় একের পর এক ঝামেলা। তার মধ্যে অন্যতম হল জামাকাপড় শুকোনোর সমস্যা। একটা জামা ধুলেন, অথচ পরের দিনেও দেখা গেল সেটা পুরোপুরি শুকোয়নি! আর সেই আধভেজা জামাকাপড় থেকেই শুরু হয় ভ্যাপসা, স্যাঁতসেঁতে গন্ধ।
বিশেষ করে টানা বৃষ্টিতে রোদ পাওয়া যায় না, বাতাসেও আর্দ্রতা বেশি থাকে। ফলে কাপড় শুকোতে সময় লাগে এবং দীর্ঘক্ষণ ভেজা থাকলে দুর্গন্ধ তৈরি হতে পারে। কাচার পরেও গন্ধ থেকে গেলে কী করবেন? জেনে নিন কয়েকটি সহজ ঘরোয়া উপায়।
প্রথমেই, বাইরে থেকে ভিজে বাড়ি ফিরলে জামাকাপড় গুটিয়ে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে বারান্দা, জানালার ধারে বা ফ্যানের নীচে এমন জায়গায় মেলে দিন যেখানে ভালোভাবে বাতাস চলাচল করে।
লেবু হতে পারে সহজ একটি উপায়। কাপড় ধোয়ার সময় ডিটারজেন্টের সঙ্গে অল্প লেবুর রস ব্যবহার করা যেতে পারে। তবে রঙিন বা সংবেদনশীল পোশাকে ব্যবহারের আগে ছোট অংশে পরীক্ষা করে নিন।
সাদা ভিনিগার ও স্যাঁতসেঁতে গন্ধ কমাতে সাহায্য করতে পারে। অল্প ভিনিগার জলের সঙ্গে মিশিয়ে পোশাকে হালকা করে স্প্রে করে বাতাসে শুকিয়ে নিন। দামি বা রঙিন পোশাকে ব্যবহারের আগে অবশ্যই পরীক্ষা করে নিন।
বেকিং সোডা দিয়েও সোঁদাভাব কমানো যায়। শুকনো জামাকাপড়ে অল্প বেকিং সোডা ছড়িয়ে কয়েক ঘণ্টা রেখে দিন। তারপর ভালোভাবে ঝেড়ে বা নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করে বাতাসে মেলে দিন।
তবে শুধু জামাকাপড় নয়, আলমারির ভিতরটাও শুকনো রাখা জরুরি। সেখানে সিলিকা জেল বা আর্দ্রতা শোষক রাখতে পারেন। মাঝে মাঝে আলমারির দরজা খুলে রাখুন, যাতে ভিতরে বাতাস চলাচল করে। আধভেজা জামাকাপড় কখনও আলমারিতে তুলবেন না।রোদ না থাকলেও ফ্যানের নীচে বা বাতাস চলাচল করে এমন জায়গায় রেখে সম্পূর্ণ শুকিয়ে নিন।আর কাপড়ে দীর্ঘদিনের তীব্র গন্ধ বা ছত্রাকের দাগ থাকলে শুধু ঘরোয়া উপায়ের উপর ভরসা না করে ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে নিন।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন