উত্তরবঙ্গঃ পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান কি এবার এক ধাপ এগোবে? সেই আশাতেই শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন পাহাড়ের বিধায়ক, সাংসদ ও রাজনৈতিক নেতারা। দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে এই বৈঠককে ঘিরে নতুন করে আশাবাদী তাঁরা।
পৃথক গোর্খাল্যান্ডের দাবি বহু দশকের। বিভিন্ন সময়ে সেই আন্দোলনকে কেন্দ্র করে পাহাড়ে অস্থিরতাও তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের সময় পাহাড়ে বিজেপির তরফে স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন রাজ্যে বিজেপি সরকার এবং কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার থাকায় পাহাড়বাসীর প্রত্যাশাও বেড়েছে। পাহাড়ের প্রতিনিধিদের তরফে মূলত স্থায়ী রাজনৈতিক সমাধানের বিষয়টিই স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তোলা হবে। পাশাপাশি জিটিএ বোর্ড গঠন, পাহাড়ের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন, স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ এবং পাহাড়ের যুবক-যুবতীদের কর্মসংস্থানের দাবিও আলোচনায় থাকতে পারে।
সূত্রের খবর, সাংসদ রাজু বিস্তা, গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং এবং দলের সাধারণ সম্পাদক রোশন গিরি বৈঠকে উপস্থিত থাকবেন। দার্জিলিঙের বিধায়ক নোমান রাই জানিয়েছেন, পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিই তাঁদের প্রধান অগ্রাধিকার। একইসঙ্গে দীর্ঘদিন ধরে আটকে থাকা উন্নয়নমূলক কাজ, স্থানীয় নির্বাচন এবং স্বচ্ছ নিয়োগের বিষয়গুলিও তুলে ধরা হবে। অমিত শাহের সঙ্গে বৈঠক থেকে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যার কোনও নির্দিষ্ট রূপরেখা বেরিয়ে আসে কি না, সেদিকেই তাকিয়ে গোটা পাহাড়বাসী।
বিষয় : Amit Shah North Bengal

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন