কলকাতাঃ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাই কোর্টে। বুধবার মামলাটি শোনার কথা থাকলেও তা হয়নি। বিচারপতি কৃষ্ণা রাও বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওই দিনই ফের মামলাটির শুনানি হবে।
অভিষেকের আইনজীবীর অভিযোগ, কী কারণে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে, সে বিষয়ে ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। আদালতে দাবি করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি। এর আগে সোমবার বিষয়টি বিচারপতি কৃষ্ণা রাওয়ের নজরে আনেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। শুনানিতে বিচারপতি জানতে চান, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও মামলা চলছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে সংশ্লিষ্ট মামলাগুলিতে অভিষেক তদন্তে সহযোগিতা করছেন। তবে সেই মামলাগুলির সঙ্গে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার বিষয়টি এক নয়। এরপর মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে নোটিস দেওয়ার নির্দেশ দেয় আদালত। বুধবার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়।
এদিকে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়েও সম্প্রতি আইনি টানাপড়েনের মধ্যে ছিলেন অভিষেক। এই পরিস্থিতিতে ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার বিষয়টি নিয়ে নতুন করে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বৃহস্পতিবার ব্যাঙ্কের রিপোর্টে কী তথ্য উঠে আসে সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
বিষয় : Calcutta High Court Abhijit Banerjee

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন