কলকাতাঃ ‘শিখা ইন’-এর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিউ মার্কেট এলাকায় অগ্নিনিরাপত্তা নিয়ে নজরদারি আরও বাড়াল দমকল। এবার নতুন করে আরও ১৭টি হোটেলকে শোকজ নোটিস পাঠানো হল। ২৪ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। উত্তর সন্তোষজনক না হলে হোটেলগুলি বন্ধ করে দেওয়ার পদক্ষেপও করা হতে পারে।
নতুন তালিকায় রয়েছে মার্কুইজ স্ট্রিটের ১০টি হোটেল, মির্জা গালিব স্ট্রিটের ৫টি, এস এন ব্যানার্জি রোডের একটি এবং তপসিয়া রোডের একটি হোটেল। কেন সংশ্লিষ্ট হোটেলগুলি বন্ধ করা হবে না, তার ব্যাখ্যা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে দমকলকে জবাব দিতে হবে কর্তৃপক্ষকে। এর আগে বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ৯টি গেস্ট হাউস এবং ৪টি রেস্তরাঁ কাম পানশালাকেও শোকজ করা হয়েছিল। নিউ মার্কেট অগ্নিকাণ্ডের পর শহরের হোটেল ও গেস্ট হাউসগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পুরসভা ও দমকল তৎপর হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার রাতে মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’-এ ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ৯ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন বাংলাদেশি নাগরিক বলে জানা গিয়েছে। একজনকে গ্রেফতার করা হলেও হোটেলের মালিকের খোঁজ এখনও মেলেনি।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোটেলের রিসেপশন থেকে আগুন ছড়িয়ে পড়ার পর ঘরগুলিতে দ্রুত ধোঁয়ায় ভরে যায়। অভিযোগ, হোটেলে প্রবেশ ও বেরোনোর জন্য ছিল একটি মাত্র সঙ্কীর্ণ পথ। ফলে বহু আবাসিক বেরিয়ে আসতে পারেননি। সেই মর্মান্তিক ঘটনার পরই নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় অভিযান শুরু হয়েছে।

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন