Hidden Stories (বাংলা)

২৮ দিন পর ‘ফিরল’ নিখোঁজ ট্রলার! দিঘার কাছে উদ্ধার অন্ধ্রের ৮ মৎস্যজীবী

দিঘাঃ ২৮ দিন ধরে কোনও খোঁজ নেই। মাঝসমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দিক হারিয়ে ভাসতে ভাসতে অবশেষে এসে পৌঁছল দিঘার উপকূলের কাছে। সন্ধান মিলল অন্ধ্রপ্রদেশের নিখোঁজ মৎস্য ট্রলারের। স্থানীয় মৎস্যজীবীরা মোহনার কাছে ‘মাতুয়ানামা’ নামে ওই ট্রলারের সন্ধান পান। ট্রলারে থাকা ৮ জন মৎস্যজীবীকেও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।বুধবার দিঘা মোহনার মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাওয়ার সময় দূরে ট্রলারটিকে ভাসতে দেখেন। দেখে কিছুটা সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা দ্রুত বিষয়টি উপকূলে জানান। এরপর কালীগঙ্গা-দিঘা মোহনা এলাকার ‘সীমন্ত মাঝি’ নামে একটি ট্রলারের সাহায্যে নিখোঁজ ট্রলারটির কাছে পৌঁছনোর চেষ্টা শুরু হয়। জানা গিয়েছে, প্রায় ২৮ দিন আগে ৮ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ‘মাতুয়ানামা’। কিন্তু আচমকাই ট্রলারের ইঞ্জিন খারাপ হয়ে যায়। এরপর ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে দিক ভুল করে সমুদ্রে ভাসতে থাকে। পরে সেটি দিঘা উপকূলের কাছাকাছি চলে আসে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রামনগর থানার পিএসপি এবং ডিএনটি-র নেতৃত্বে পুলিশকর্মীরা উদ্ধারকাজ এগিয়ে আসেন। দীর্ঘ ২৮ দিন সমুদ্রে নিখোঁজ থাকার পর ৮ মৎস্যজীবীর নিরাপদে ফিরে আসার খবরে স্বস্তি ফিরেছে তাঁদের পরিবারে। খুশি গোটা মৎস্যজীবী মহলও।

২৮ দিন পর ‘ফিরল’ নিখোঁজ ট্রলার! দিঘার কাছে উদ্ধার অন্ধ্রের ৮ মৎস্যজীবী