Sourav Ganguly: সৌরভের আপত্তিতে সিলমোহর দিল না আদালত! বায়োপিকের আগে নতুন বিতর্ক
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের গল্প শীঘ্রই বড় পর্দায় দেখতে পাবেন দর্শক। প্রাক্তন ভারত অধিনায়কের বায়োপিক ‘দাদা’ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু ছবি মুক্তির আগেই আইনি বিতর্কে জড়ালেন মহারাজ। তাঁর জীবনের নানা ঘটনা নিয়ে তৈরি ছবি ‘দুসরা’ ছবিটির মুক্তি আটকানোর আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু সৌরভের সেই আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত। সৌরভের অভিযোগ, ‘দুসরা’য় এমন কিছু ঘটনা ও দৃশ্য তুলে ধরা হয়েছে, যা তাঁর জীবনের সঙ্গে সম্পর্কিত। সৌরভের ক্রিকেটজীবনের একাধিক পরিচিত ঘটনা ছবিতে রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর মধ্যে রয়েছে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে তাঁর সময়কাল, ২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজ জয় কিংবা লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানোর ঐতিহাসিক মুহূর্ত। অথচ এই ঘটনাগুলি দেখানোর জন্য নির্মাতারা তাঁর অনুমতি নেননি বলেই দাবি প্রাক্তন ক্রিকেটারের।[TECHTARANGA-POST:13826]সৌরভের বক্তব্য, তাঁর জীবনের ঘটনা কীভাবে তাঁর অনুমতি ছাড়াই ব্যবহার করা যেতে পারে? এতে ব্যক্তিগত অধিকারের প্রশ্ন। আর এতেই তাঁর আপত্তি রয়েছে বলে জানান তিনি। এই অভিযোগ নিয়েই ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন করেছিলেন তিনি। কিন্তু দিল্লি হাই কোর্ট তাঁর আবেদন মঞ্জুর করেনি। শুক্রবার হিন্দি এবং ইংরাজি দুই ভাষাতেই ছবিটি দেশজুড়ে মুক্তি পাবে। এই বিতর্কের মধ্যেই তৈরি হচ্ছে সৌরভের নিজের বায়োপিক, যার নাম ‘দাদা’। লাভ রঞ্জনের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। সৌরভের ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। চরিত্রের প্রয়োজনে তিনি বাংলা বলাও শিখছেন। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন তানিয়া মানিকতলা। সম্ভবত আগামী বছর ছবিটি মুক্তি পাবে।