কলকাতা: পুজোর ভিড়ে হাত ছাড়লেই বিপদ! ঠাকুর দেখতে গিয়ে প্রায়শই হারিয়ে যায় ছোট্ট শিশু থেকে প্রবীণ নাগরিক। এবার তাঁদের খুঁজে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের। পঞ্চমী, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকেই শহরের রাস্তায় নামছে ‘বন্ধু কলকাতা’র ১০টি গাড়ি। এদিন লালবাজারে এই গাড়িগুলির উদ্বোধন করবেন পুলিশের আধিকারিকরা। লালবাজার সূত্রে খবর, দুর্গাপুজোর সময়ে মণ্ডপে মণ্ডপে ভিড়ের মধ্যে শিশু ও প্রবীণদের হারিয়ে যায়। এমন পরিস্থিতিতে অনেক সময় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন, বুঝতে পারেন না কী করবেন। সেই কথা মাথায় রেখেই ‘বন্ধু কলকাতা’র গাড়িতে বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। কলকাতা পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে রাজ্য সরকারের কয়েকটি দফতর এবং স্বেচ্ছাসেবী সংস্থা। প্রতিটি গাড়িতে থাকবেন একজন সাব ইন্সপেক্টর অথবা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, একজন কনস্টেবল, একজন মহিলা কনস্টেবল এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী।[TECHTARANGA-POST:13669]বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে কলকাতার ১০টি ডিভিশনেই ঘুরবে গাড়িগুলি। শিশুদের ভয় কাটাতে গাড়ির ভিতর বেলুন দিয়ে সাজানো হবে। কোনও শিশু হারিয়ে গেলে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে তাকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবেন পুলিশকর্মীরা। বিভিন্ন পুজো মণ্ডপে নজরদারি চালিয়ে কাউকে পাওয়া গেলে তাঁকে নিরাপদে থানায় নিয়ে যাওয়া হবে। শিশুদের রাখা হবে থানার বিশেষ ‘চাইল্ড ফ্রেন্ডলি’ ঘরে। নিখোঁজদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। কোনও অভিভাবক থানায় গিয়ে সন্তান নিখোঁজ হওয়ার খবর জানালে সেই তথ্য কলকাতার অন্য থানাগুলিতেও পৌঁছে দেওয়া হবে। একইভাবে কোনও নিখোঁজ শিশু বা প্রবীণকে উদ্ধার করা হলে তাঁর পরিচয় ও পরিবারের খোঁজ মেলানোর চেষ্টা করা হবে। ভোররাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরবে ‘বন্ধু কলকাতা’র এই গাড়িগুলি।