খাস কলকাতায় ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দীর্ঘ পাঁচ বছর ধরে বসবাসের অভিযোগে এক আফগান যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম জামিল খান। ভবানীপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ এখন খতিয়ে দেখছে, এভাবেই আরও কোনও বিদেশি নাগরিক কলকাতা বা রাজ্যের অন্যত্র অবৈধভাবে বসবাস করছেন কি না।[TECHTARANGA-POST:11006]পুলিশ সূত্রে খবর, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিন মাসের ভিসা নিয়ে ভারতে আসেন জামিল। সেই বছরের মে মাসেই তাঁর ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগ, কলকাতাতেই বৈধভাবে বসবাসকারী কয়েকজন আফগান নাগরিকের সঙ্গে যোগাযোগ রেখে অবৈধভাবে থেকে যান তিনি। তদন্তে উঠে এসেছে, ভুয়ো তথ্য ও নথি ব্যবহার করে তিনি নিজের নামে আধার কার্ড তৈরি করেন। সেই আধারের ভিত্তিতেই পরে তৈরি করা হয় ড্রাইভিং লাইসেন্সও। অথচ তাঁর কাছে আফগানিস্তানের বৈধ পাসপোর্ট ছিল বলেও জানা গিয়েছে। অভিযোগ, এই জাল নথির সাহায্যেই গত পাঁচ বছর ধরে কলকাতায় ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত একটি তদন্তের সময় কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের (এসসিও) নজরে আসে জামিলের নাম। এরপর তাঁকে তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। জেরায় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাঁর বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।[TECHTARANGA-POST:11009]ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এখন জানতে চাইছে, তিনি একাই এই কাজ করতেন নাকি কোনও বড় চক্রের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি, ভুয়ো পরিচয়পত্র তৈরিতে আর কারা সাহায্য করেছে এবং আরও কোনও আফগান নাগরিক একইভাবে কলকাতায় অবৈধভাবে বসবাস করছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশ ও অবৈধভাবে বসবাসের ঘটনাগুলির বিরুদ্ধে সম্প্রতি কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। বিভিন্ন জেলা থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে ফেরত পাঠানোর পর এবার আফগান যুবকের গ্রেপ্তারি নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার