Hidden Stories (বাংলা)

‘মেন ইন ব্লু’ পরিচয় বদলের পথে? জার্সি বিতর্কে মুখ খুললেন খোদ হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট

‘মেন ইন ব্লু’ পরিচয় কি বদলে যাচ্ছে? বিশ্বকাপের আগে বদলে গেল ভারতীয় হকি দলের জার্সির রং। শুধু তাই নয়, এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। চিরাচরিত নীল রঙের বদলে এবার জাতীয় দলের খেলোয়াড়দের দেখা গেল গেরুয়া জার্সিতে। কিন্তু এই বদলের সিদ্ধান্ত নিয়েই এবার বিস্ফোরক দাবি করলেন খোদ হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে। তাঁর দাবি, জার্সির রং পরিবর্তনের বিষয়ে তিনি কিছুই জানতেন না। আগস্ট মাসে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর। তার আগে পুরুষ ও মহিলা দলের নতুন স্কোয়াড ঘোষণা করা হয়। পাশাপাশি প্রকাশ করা হয় নতুন জার্সির ভিডিও। সেখানেই দেখা যায়, এতদিনের পরিচিত নীল জার্সির বদলে ভারতীয় হকি তারকাদের পরনে গেরুয়া রঙের পোশাক। ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। কারণ ভারতীয় হকি দীর্ঘদিন ধরে ‘মেন ইন ব্লু’ এবং ‘ব্লু টাইগার্স’ নামে পরিচিত। সেই জায়গায় হঠাৎ জার্সির রং বদল কেন, তা নিয়েই উঠছে প্রশ্ন। বিতর্কের মাঝেই হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে জানিয়েছেন, “ভারতের জাতীয় দলের জার্সির রং বদলের বিষয়টি এক্সিকিউটিভ কমিটির বৈঠকে পেশ না করেই রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন দুঃখজনকভাবে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। আমার কাছে এই ঘটনায় জবাব চেয়েছে ওড়িশা সরকার। তাই আমি আধিকারিকদের অনুরোধ করছি, এই বদল নিয়ে বিস্তারিত তথ্য জানাতে যেন সরকারকে জবাব দেওয়া যায়।”  [TECHTARANGA-POST:11359]যদিও সংস্থার দাবি, হকির মাঠ সাধারণত নীল রঙের হওয়ায় খেলোয়াড়দের সুবিধার কথা মাথায় রেখেই নতুন রঙের জার্সির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করেই এই পরিবর্তন করা হয়েছে বলেও দাবি ফেডারেশনের।

‘মেন ইন ব্লু’ পরিচয় বদলের পথে? জার্সি বিতর্কে মুখ খুললেন খোদ হকি ইন্ডিয়া প্রেসিডেন্ট