Hidden Stories (বাংলা)

West Bengal Government: হেলথ স্কিম থেকে নাম বাদ গেলেও মিলবে দারুণ ছাড়! সরকারি কর্মীদের সন্তানদের জন্য বড় ঘোষণা নবান্নের

কলকাতা: সরকারি কর্মীদের প্রাপ্তবয়স্ক বা উপার্জনক্ষম হয়ে যাওয়া ছেলেমেয়েদের জন্য এক বিরাট স্বস্তির খবর দিল রাজ্য সরকার। শর্ত অনুযায়ী বয়সসীমা পার হয়ে যাওয়ার পর কিংবা চাকরি পাওয়ায় এতদিন যাঁরা 'ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম'-এর তালিকা থেকে বাদ পড়তেন, তাঁদের জন্যই এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল নবান্ন। সরকারি নথিতে নাম কাটা গেলেও এবার থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে বাজারদরের চেয়ে অনেক সস্তায়, অর্থাৎ নির্দিষ্ট 'সরকারি রেটে' চিকিৎসা করানোর অনন্য সুযোগ পাবেন তাঁরা। অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে নতুন এই নিয়ম বা 'অ-আর্থিক সুবিধাভোগী' ব্যবস্থা চালু হতে চলেছে।রাজ্য সরকারের এই পদক্ষেপে বহু মধ্যবিত্ত পরিবার নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা পাবে। নিয়ম অনুযায়ী এতদিন সরকারি কর্মী বা পেনশনভোগীদের ছেলেরা ২৫ বছর বয়স পর্যন্ত অথবা উপার্জন শুরু করা পর্যন্ত (যেটি আগে ঘটবে) এই ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেতেন। মেয়েদের ক্ষেত্রে বিবাহ না হওয়া বা চাকরি না পাওয়া পর্যন্ত নাম থাকত। দীর্ঘমেয়াদী বা জটিল রোগে আক্রান্ত সন্তানদের নাম বাদ গেলেই এতদিন বেসরকারি বাণিজ্যিক হাসপাতালে বিপুল খরচে চিকিৎসা চালাতে হতো, যা বহু পরিবারের কাছে চরম আর্থিক বোঝা হয়ে দাঁড়াত।নবান্নের নবতম বিজ্ঞপ্তি অনুযায়ী, শারীরিক ও আইনি শর্তের কারণে হেলথ স্কিমের মূল তালিকা থেকে বাদ পড়া পুত্র-কন্যারা এবার ‘নন-পিকুনিয়ারি বেনিফিসিয়ারি’ বা আর্থিক সুবিধাবিহীন তালিকাভুক্ত সদস্য হিসেবে নতুন ক্যাটাগরিতে নাম যুক্ত করতে পারবেন। এই তালিকায় যুক্ত হলে প্যানেলভুক্ত বেসরকারি হাসপাতালগুলি তাঁদের কাছে সাধারণ বা বাণিজ্যিক চড়া বিল দাবি করতে পারবে না। সরকারের নির্ধারিত সাশ্রয়ী প্যাকেজ রেটেই চিকিৎসাসেবা দিতে বাধ্য থাকবে হাসপাতাল কর্তৃপক্ষ।তবে অর্থ দফতর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই সুবিধায় কোনও ক্যাশলেস পরিষেবা বা পরবর্তীতে টাকা ফেরত পাওয়ার (রিইমবার্সমেন্ট) সুযোগ থাকবে না। সমস্ত চিকিৎসার বিল সম্পূর্ণ নিজেদের পকেট থেকেই মেটাতে হবে। কেবল হাসপাতালগুলির গলাকাটা রেট থেকে বাঁচতেই সরকারি রেটের সুবিধাটুকু পাবেন তাঁরা। তালিকাভুক্তির এই বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়েছে; সংশ্লিষ্ট সরকারি কর্মচারী বা পেনশনভোগী আবেদন জানালেই তবেই সন্তানদের নাম এই বিশেষ সুবিধায় যুক্ত করা হবে।[TECHTARANGA-POST:12811]

West Bengal Government: হেলথ স্কিম থেকে নাম বাদ গেলেও মিলবে দারুণ ছাড়! সরকারি কর্মীদের সন্তানদের জন্য বড় ঘোষণা নবান্নের