Virat Kohli: সিনেমায় পা রাখছেন ‘বিরুষ্কা’? ‘হনুমান অংশ’-এর পরের পর্ব ঘিরে কেন এই জল্পনা?
ক্রিকেটের ময়দানে বিরাট কোহলির জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। অন্যদিকে বলিউডে অনুষ্কা শর্মার পরিচিতিও আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এবার কি এই তারকা দম্পতি একসঙ্গে পা রাখতে চলেছেন সিনেমার জগতে? ‘হনুমান অংশ’-এর পরবর্তী পর্বকে ঘিরে এমনই জল্পনা তৈরি হয়েছে।[TECHTARANGA-POST:12505]ছবির প্রযোজক নম্রতা সিং জানিয়েছেন, পরবর্তী পর্বের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকজন পরিচিত মুখের সঙ্গে তাঁদের কথা হয়েছে। নম্রতার কথায়, “আমি কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁদের কেউ কেউ আগে থেকেই ছবিটি সম্পর্কে জানতেন।” এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠছে, সেই পরিচিত মুখগুলির মধ্যে কি ‘বিরুষ্কা’ও রয়েছেন? বিরাট ও অনুষ্কার আধ্যাত্মিকতার সঙ্গে যোগের কথা অনেকেরই জানা। নিম করোলি বাবার প্রতি তাঁদের দু’জনেরই গভীর শ্রদ্ধা রয়েছে। উত্তরাখণ্ডের কৈঞ্চি ধামেও তাঁদের একাধিকবার দেখা গিয়েছে। বিশেষ করে বিরাটের জীবনে আধ্যাত্মিকতার প্রভাব সময়ের সঙ্গে আরও স্পষ্ট হয়েছে। [TECHTARANGA-POST:12501]এখানেই শেষ নয়। ‘হনুমান অংশ’-এর আরও দু’টি পর্ব আসার কথা রয়েছে। প্রথম ছবিতে নিম করোলি বাবার শৈশব থেকে কৈঞ্চি ধাম প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত গল্প দেখানো হয়েছে। দ্বিতীয় পর্বে আরও বিস্তৃতভাবে উঠে আসবে কৈঞ্চি ধামের কাহিনি এবং ভারতে নিম করোলি বাবার সংস্পর্শে এসে বদলে যাওয়া বহু মানুষের জীবন। তৃতীয় পর্বে সেই গল্পের পরিসর আরও বড় হয়ে পৌঁছবে আন্তর্জাতিক মঞ্চে। এর মধ্যেই প্রথম ছবির সাফল্য নজর কেড়েছে। বিশাল চতুর্বেদীর পরিচালনায় তৈরি এই ছবিতে বড় কোনও তারকা মুখ নেই। মাত্র ২ কোটি টাকার বাজেটে তৈরি ছবিটি ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।