কলকাতা: অতীতের সমস্ত হতাশা আর মেসিকাণ্ডের তিক্ত স্মৃতি পিছনে ফেলে ফুটবলপ্রেমীদের ফের এক রূপকথার উপহার দিতে চলেছেন প্রমেটার শতদ্রু দত্ত। বিশ্বমঞ্চে রূপকথা লিখে রাতারাতি তারকা বনে যাওয়া কেপ ভার্দের মহাতারকা গোলকিপার ভোজিনহা (Vozinha) এবার সশরীরে হাজির হচ্ছেন তিলোত্তমা কলকাতায়। শুধু তা-ই নয়, এই সফরে তাঁর 'বোনাস' চমক হিসেবে শহরবাসীর মুখোমুখি হবেন বার্সেলোনা ও জুভেন্টাসের প্রাক্তন তারকা তথা চিলির লড়াকু মিডফিল্ডার আর্তুরো ভিদালও (Arturo Vidal)।
ময়দান থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ১৭, ১৮ এবং ১৯ ডিসেম্বর, এই তিন দিনের ভারত সফরে কলকাতায় আসছেন চল্লিশ বছরের অদম্য যোদ্ধা ভোজিনহা। যদিও তাঁর ৩ দিনের সফরের সম্পূর্ণ সূচি এখনও চূড়ান্ত করে প্রকাশ করা হয়নি, তবে কলকাতার ফুটবলপ্রেমীদের উন্মাদনা নিজের চোখে দেখতে তিনি যে মুখিয়ে রয়েছেন, তা স্পষ্ট আয়োজকদের কথায়।
চলতি বছর বিশ্বকাপ ফুটবলে নিজের দেশকে প্রায় রূপকথার উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক। ৪০ বছর বয়সে তাঁর অবিশ্বাস্য প্রতিরোধ ও অনবদ্য লড়াই গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল।
স্পেনের মতো ইউরোপীয় শক্তি ও উরুগুয়েকে রুখে দেওয়ার নেপথ্যে তাঁর হাতছানি ফুটবলপ্রেমীদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। সম্প্রতি চিলিতে শতদ্রুর সঙ্গে মধ্যাহ্নভোজে বসে ভারতীয় ফুটবল এবং কলকাতার আবেগ নিয়ে দীর্ঘ আলোচনা করেন ভোজিনহা।
ভারতীয় ফুটবলের জনপ্রিয়তা এবং আইএসএল নিয়েও গভীর আগ্রহ প্রকাশ করেছেন তিনি। শুধু তাই নয়, বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ক্রীড়াপ্রেমের কথা শুনে তাঁর সই করা বিশেষ ক্লাব জার্সি উপহার হিসেবে পাঠিয়েছেন ভোজিনহা।
এই সফরে ভোজিনহার সঙ্গী হবেন চিলির তারকা ফুটবলার আর্তুরো ভিদাল। ইউরোপের প্রথম সারির ক্লাব বার্সেলোনা ও জুভেন্টাসের হয়ে মাঠ মাতানো এই তারকা একসময়ে লিওনেল মেসির সতীর্থ ছিলেন। মাঠে তাঁর লড়াকু মানসিকতা ও আগ্রাসী ফুটবলশৈলী বিশ্বজুড়ে সমাদৃত।
এমিলিয়ানো মার্টিনেজ বা রেনে হিগুয়েতার পর শতদ্রু দত্তর উদ্যোগে ভোজিনহা ও ভিদালের এই যৌথ কলকাতা আগমন যে শীতের মেগা ইভেন্টে বাড়তি উন্মাদনা তৈরি করবে, তা বলাই বাহুল্য।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন