ওয়াশিংটন: আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকায় একটি হিন্দু মন্দিরে রক্তক্ষয়ী হামলার পরিকল্পনা কষেছিল এক ১৯ বছরের শ্বেতাঙ্গ উগ্রপন্থী যুবক। কিন্তু শেষ মুহূর্তে তার মারণাস্ত্র যান্ত্রিক ত্রুটিতে জ্যাম হয়ে যাওয়ায় বড় ধরনের গণহত্যা এড়ানো সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি থেকে নাৎসি প্রতীক, শ্বেতাঙ্গ উগ্রপন্থার চিহ্নযুক্ত বডি আর্মার এবং একটি উগ্রপন্থী ইশতেহার উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া যুবকের নাম আলেকজান্ডার পাপোরাকিস (Alexandros Paporakis)। প্যাটিন (Palatine) নিবাসী এই তরুণ স্থানীয় একটি ফাস্টফুড রেস্তোরাঁয় ক্যাশিয়ার হিসেবে কাজ করত।
তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর (রবিবার) হামলা চালানোর পরিকল্পনা করেছিল পাপোরাকিস। নির্দিষ্ট দিনে অরোরা এলাকার একটি বৃহৎ হিন্দু মন্দিরে সে উপস্থিতও হয়েছিল। কিন্তু গুলি চালাতে গিয়েই তার কাছে থাকা এআর-স্টাইল রাইফেলটি জ্যাম হয়ে যায়। বাধ্য হয়ে সে কোনো গুলি না চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বাড়ি ফিরে সে এক সহকর্মীকে ফোন ও মেসেজ করে অস্ত্র জ্যাম হওয়ার কথা জানায়। শুধু তা-ই নয়, ট্যাকটিক্যাল ভেস্ট পরা নিজের ছবি, জ্যাম হওয়া রাইফেলের ভিডিও এবং 'হোয়াই আই ফট: এ.কে.এ. (অরোরা শুটার্স ম্যানিফেস্টো)' শিরোনামের আট পাতার একটি নথি ওই সহকর্মীকে পাঠায় সে। নথিটিতে শ্বেতাঙ্গ উগ্রপন্থা, নাৎসি মতাদর্শ এবং দক্ষিণ এশীয় বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূতদের প্রতি তীব্র ঘৃণার কথা লেখা ছিল।
সহকর্মী ও অন্য এক কর্মী তাৎক্ষণিকভাবে স্থানীয় পাল্যাটাইন এবং মাউন্ট প্রস্পেক্ট পুলিশ বিভাগে পুরো বিষয়টি জানান। যৌথ অভিযানের মাধ্যমে ওই দিনই সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর সময় পাপোরাকিসকে গ্রেপ্তার করে পুলিশ।
ধৃতের বাসভবনে তল্লাশি চালিয়ে পুলিশ ১৬ ইঞ্চির কম ব্যারেলের একটি আনসিরিয়াল্ড এআর-স্টাইল রাইফেল, শত শত রাউন্ড কার্তুজ, একাধিক ম্যাগাজিন, ট্যাকটিক্যাল গিয়ার এবং দক্ষিণ এশীয়দের উদ্দেশে বর্ণবিদ্বেষী গালিযুক্ত একটি গ্যাস ক্যানিস্টার উদ্ধার করে।
গত বুধবার কুক কাউন্টি থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট কোর্টে তাকে হাজির করা হলে আদালত জামিন খারিজ করে তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি প্রদান এবং অবৈধ অস্ত্র রাখার সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ অক্টোবর ধার্য করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখতে এফবিআই (FBI)-এর সঙ্গে যৌথভাবে তদন্ত চালাচ্ছে স্থানীয় পুলিশ।
ঘটনার পর অরোরা এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী (বালাজি) মন্দির কর্তৃপক্ষ অবিলম্বে সুরক্ষাব্যবস্থা জোরদার করেছে। মন্দিরে সশস্ত্র নিরাপত্তারক্ষীর উপস্থিতি বাড়ানো হয়েছে। শিকাগোয় অবস্থিত ভারতীয় দূতাবাস আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছে। পাশাপাশি, মার্কিন কংগ্রেসে ভারতীয় বংশোদ্ভূত সংসদ সদস্য রাজা কৃষ্ণমূর্তি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উগ্রপন্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন