কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে আরও এক মাস্টারস্ট্রোক রাজ্য প্রশাসনে!
মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যকে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার যে বার্তা তিনি দিয়েছিলেন, সেই পথেই আরও এক কদম এগিয়ে গেলেন শুভেন্দু। বহুদিনের স্নেহের ও শ্রদ্ধার ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীকে কি উপযুক্ত গুরুদক্ষিণা দিলেন মুখ্যমন্ত্রী?
মঙ্গলবার রাতে নবান্নের তরফে জারি হওয়া এক নজিরবিহীন বিজ্ঞপ্তিতে স্পষ্ট হয়ে গেল সেই উত্তর। রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের মুখ্য উপদেষ্টা পদে আনুষ্ঠানিকভাবে নিয়োগ করা হল মিঠুন চক্রবর্তীকে।
যে পদের মর্যাদা এবং ওজন কার্যত একজন পূর্ণাঙ্গ ক্যাবিনেট মন্ত্রীর সমান! মুখ্যসচিব সই করা ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, জনস্বার্থেই এই সিদ্ধান্ত এবং অবিলম্বে কার্যকর হচ্ছে এই নিয়োগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদে বহাল থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বাঙালি অভিনেতা।
সম্প্রতি নিউটাউনে মহানায়ক উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন যে, রাজ্যের সংস্কৃতি ও চলচ্চিত্র জগতের চেহারা বদলাতে তিনি মিঠুন চক্রবর্তীর দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান।
উত্তমকুমারের শতবর্ষ উদযাপন থেকে শুরু করে পর্যটন ও রাজ্য চলচ্চিত্র উৎসব, প্রতিটি বড় পদক্ষেপে ইদানীং মহাগুরুর পরামর্শ নিচ্ছিল নবান্ন। অবশেষে সেই পরামর্শদাতা হিসেবেই আনুষ্ঠানিক সিলমোহর দিল শুভেন্দু সরকার।
বর্তমানে একটি চলচ্চিত্রের শুটিংয়ের কাজে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রয়েছেন মিঠুন। নবান্নের এই সিদ্ধান্ত জানতে পেরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই কলকাতায় ফিরে ক্যাবিনেট মর্যাদাপ্রাপ্ত এই নতুন পদের গুরুদায়িত্ব গ্রহণ করবেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, বাংলা সিনে দুনিয়ার সঙ্গে রাজ্যের দীর্ঘদিনের দূরত্ব ও সংঘাত কাটিয়ে নতুন সমন্বয় গড়ে তুলতেই শুভেন্দুর এই মাস্টারস্ট্রোক। প্রিয় অভিনেতাকে কেবল সম্মান জানান নয়, বরং বাংলা সংস্কৃতির হাল ধরতে তাঁর হাতেই স্টিয়ারিং তুলে দিয়ে যেন যথার্থ গুরুদক্ষিণা দিলেন মুখ্যমন্ত্রী!

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন