হারানো পদকের যন্ত্রণা, নির্বাসন, অলিম্পিকের মঞ্চ থেকে দূরে, সব পেরিয়ে অবশেষে সোনালি প্রত্যাবর্তন পারভিন হুডার। এমহিলাদের ৬৫ কেজি বক্সিং ফাইনালে চিনা তাইপের চেন নিয়েন-চিনের মুখোমুখি হন পারভিন হুডা। ৩-২ ব্যবধানে জিতে সোনা ছিনিয়ে নেন ভারতীয় বক্সার। টানটান লড়াইয়ে শেষ পর্যন্ত বাজিমাত করেন পারভিন।
২০২২ সালের এশিয়ান গেমসে ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। কিন্তু ডোপ টেস্টে ফলাফলের দরুণ তাঁর পদক কেড়ে নেওয়া হয়। এছাড়াও ২২ মাসের নির্বাসন দেওয়া হয় তাঁকে। এর ফলে প্যারিস অলিম্পিকেও অংশ নিতে পারেননি তিনি। এবার সেই অধ্যায় পেরিয়ে এশিয়াডের মঞ্চেই সোনা দিয়ে প্রত্যাবর্তন সম্পূর্ণ করলেন পারভিন। তবে পারভিনের সোনাই শেষ নয়। বক্সিং রিংয়ে ফের ভারতের জন্য এসেছে আরও এক সোনা। পুরুষদের ৮০ কেজি বিভাগে দক্ষিণ কোরিয়ার কিম মিনসিয়ংকে ৪-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন অঙ্কুশ পাঙ্গাল। ২০১৮ সালের পর এশিয়ান গেমসে পুরুষদের বক্সিংয়ে ভারতের প্রথম সোনা এল তাঁর হাত ধরে। সকালে লভলিনা বরগোহাঁইয়ের হাত ধরে এসেছিল সোনা। তার পরেই পারভিন ও অঙ্কুশের হাত ধরে ফের সাফল্য পেল ভারত।
তবে এখানেই শেষ নয়। ভারতের জন্য আরও এক সাফল্য নিশ্চিত করেছেন সুজিত কালকল। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইল রেসলিংয়ের ফাইনালে তাজিকিস্তানের আবদুলমাজিদ কুদিয়েভের বিরুদ্ধে একসময় ২-৯ পিছিয়ে ছিলেন ভারতীয় কুস্তিগির। কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্য প্রত্যাবর্তন। স্কোর ১০-৯ করে ম্যাচ নিজের নামে করে নেন সুজিত। এই জয়ের সঙ্গে এশিয়ান গেমসে ভারতের প্রথম কুস্তির সোনাও এল তাঁর হাত ধরে। এদিনের সাফল্যের ফলে ভারতের মোট পদকসংখ্যাও পৌঁছে গিয়েছে ৭৫-এ। বর্তমানে পদক তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে।
বিষয় : Asian Games

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন