কলকাতা লিগের শেষ ম্যাচের উত্তাপ এবার ছড়িয়ে পড়ল আইএফএ শিল্ডেও। মোহনবাগানের কাছে হেরে কলকাতা লিগের ট্রফি হাতছাড়া হয়েছে। এবার এবার শিল্ড থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল মহামেডান স্পোর্টিং। ম্যাচের রেফারিং নিয়ে ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে শিবির।
শনিবার বারাসত স্টেডিয়ামে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও মহামেডান। ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে যায় মোহনবাগান। বিরতির আগেই সেই গোল শোধ করে দেয় মহামেডান। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয় সবুজ-মেরুন দল। সংখ্যায় কমে যাওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি মহামেডান। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জয় পায় মোহনবাগান। আট বছর পর কলকাতা লিগের ট্রফি ঘরে ফেরে সবুজ-মেরুন শিবিরের।
তবে, জয়সূচক গোলটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। মহামেডানের দাবি, ৭৩ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলের আগে সাহাল আব্দুল সামাদ অফসাইডে ছিলেন। সেই সিদ্ধান্ত নিয়েই রেফারিংয়ের বিরুদ্ধে সরব হয়েছে ক্লাব। এমনকি ম্যাচটি ফের খেলার দাবিও জানানো হয়েছে। ম্যাচ শেষ হওয়ার পরই মহামেডান কর্তাদের ক্ষোভ প্রকাশ্যে আসে। ক্লাবের সচিব ওয়াসিম আক্রম বলেন, “রেফারিং জঘন্য। আমরা শিল্ড খেলব না।” ক্লাব সভাপতি গজল উজ জাফরও জানান, “আমরা আইএফএ শিল্ডে অংশ নেব না। এমন ঘটনা বারবার ঘটেছে। এটা সহ্য করা সম্ভব নয়।”
এরপর সোমবার আইএফএর সঙ্গে বৈঠকে বসেন মহামেডান কর্তারা। কিন্তু সেই বৈঠকের পরও অবস্থান বদলায়নি সাদা-কালো শিবিরের। ফলে ২২ সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আইএফএ শিল্ডে মহামেডানের যে ম্যাচটি হওয়ার কথা ছিল, তা নিয়েই জটিলতা তৈরি হয়। মহামেডানের সিদ্ধান্তের প্রভাব পড়েছে শিল্ডের সূচিতেও। মঙ্গলবার থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। তা এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আইএফএ জানিয়েছে, বুধবার মোহনবাগান ও শ্রীনিধি ডেকানের ম্যাচ দিয়ে এবারের আইএফএ শিল্ড শুরু হবে।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন