নয়াদিল্লি: বঙ্গ বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর জাতীয় রাজনীতির মঞ্চে অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে আয়োজিত বিরোধী জোট 'ইন্ডি'-র মেগা বৈঠকে যোগ দিয়ে এবার নজিরবিহীনভাবে সাহায্য প্রার্থনা করতে দেখা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। মোট ২১টি বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে কার্যত নিজের অসহায়তা প্রকাশ করে মমতার কাতর বক্তব্য, "ভোটে হারের পর আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। দয়া করে আপনারা কিছু করুন।" বঙ্গ রাজনীতিতে 'অগ্নিকন্যা' হিসেবে পরিচিত তিনবারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখ থেকে এমন আকুল আবেদন শুনে একপ্রকার স্তম্ভিত রাজনৈতিক মহল।
সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভবিষ্যৎ কৌশল ও আন্দোলনের রূপরেখা নির্ধারণ করতেই বুধবার রাজধানীতে বিরোধীরা এক ছাতার তলায় এসে বসেছিলেন। বৈঠকের সূচনাতেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন বিজেপিকে চরম স্বৈরাচারী আখ্যা দিয়ে অন্য জোট শরিকদের পথে নেমে কঠোর আন্দোলনের ডাক দেন। একই সাথে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। অতীতে যাঁকে তিনি 'ভ্যানিশ কুমার' বলে কটাক্ষ করতেন, ইন্ডি জোটের এই হাই-ভোল্টেজ মঞ্চে দাঁড়িয়ে তাঁকেই 'বিনাশ কুমার' বলে আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটে হেরে যাওয়ার পর রাজ্যে নিজের রাজনৈতিক জমি সম্পূর্ণ পুনরুদ্ধার করতেই জ্ঞানেশ কুমার ইস্যুকে আঁকড়ে ধরতে চাইছেন মমতা। আর এই কাজে তাঁর প্রধান ভরসা হয়ে উঠেছে সেই কংগ্রেস দল, যাকে অতীতে তিনি একাধিকবার তুচ্ছতাচ্ছিল্য করেছেন। উল্লেখ্য, একসময় যখন রাহুল গান্ধী ইভিএম ও ভোটচুরির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমেছিলেন, তখন তৃণমূল নেত্রী সেই আন্দোলন থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তা সত্ত্বেও এদিন দিল্লির বৈঠকে সোনিয়া গান্ধী মমতাকে নিজের পাশেই বসিয়েছেন এবং তাঁকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন।
ভোটে হেরে ক্ষমতা হারানোর পর রাজ্য রাজনীতিতে যখন তৃণমূলের প্রতিপত্তি তলানিতে, তখন দিল্লির দরবারে গিয়ে বিরোধীদের সহানুভূতি আদায়ের এই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। একদিকে ইভিএম ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া, আর অন্যদিকে জোট শরিকদের কাছে সাহায্য চাওয়া— দুই মিলেই এখন জাতীয় রাজনীতির শিরোনামে বঙ্গ রাজনীতির 'দিদি'।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন