চণ্ডীগড়: তালিকায় রয়েছে খুন, তোলাবাজি থেকে শুরু করে সরকারি নির্দেশ অমান্যের ২২টি মারাত্মক অপরাধের মামলা। এমনকি জেল খাটার সময়ও সহবন্দীকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একাধিক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে হরিয়ানার ঝজ্জর জেলে বন্দি সেই কুখ্যাত গ্যাংস্টার মৈনপাল ধিল্লা। হঠাৎই পেলেন ১২ ঘণ্টার বিশেষ 'কাস্টডি প্যারোল'। কিন্তু এই ১২ ঘণ্টার সংক্ষিপ্ত ছাড়ে কী করল রাজস্থানের সীমান্ত সংলগ্ন এলাকার ত্রাস সেই গ্যাংস্টার?
আদালতের দেওয়া সকাল ৮টা থেকে রাত ৮টার সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঝজ্জর জেল সংলগ্ন এক বিলাসবহুল ফার্মহাউসে ধুমধাম করে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মৈনপাল। আর পাত্রী? তিনি কোনো ভারতীয় নাগরিক নন, খোদ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ার বাসিন্দা মেটা চ্যান।
৪ জন সন্তানের মা চ্যান তাঁর তিন সন্তানকে সঙ্গে নিয়ে বিশেষ বিমানে উড়ে এসেছেন ভারতে, শুধুমাত্র দীর্ঘদিনের লিভ-ইন পার্টনার তথা এই কুখ্যাত গ্যাংস্টারকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার জন্য।
পুলিশ ও আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই গ্যাংস্টার ও কম্বোডিয়ার তরুণীর প্রেমের রসায়ন কোনও সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। ২০১৮ সালের জুলাই মাসে ছয় সপ্তাহের প্যারোল পেয়ে জেল থেকে বেরিয়েছিলেন মৈনপাল।
কিন্তু জেলের মেয়াদ শেষ হলেও তিনি আর ফেরত যাননি। নকল পরিচয়পত্র তৈরি করে সোনু কুমার নামে এক ভুয়া পরিচয়ে দেশ ছেড়ে সোজা চম্পট দেন কম্বোডিয়ায়। সেখানে গিয়ে নাম-পরিচয় বদলে শুরু করেন ব্যবসা। সেই সময়ই মেটা চ্যানের সঙ্গে পরিচয় ও লিভ-ইন শুরু। দীর্ঘ সময় কম্বোডিয়ায় আত্মগোপন করে থাকার মাঝেই তাঁদের চার সন্তানের জন্ম হয়।
কিন্তু আইনের হাত থেকে রেহাই মেলেনি। হরিয়ানা পুলিশের আবেদনের ভিত্তিতে সিবিআই-এর উদ্যোগে ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি করা হয়। অবশেষে ২০২৫ সালের জুলাই মাসে কম্বোডিয়া কর্তৃপক্ষের সহযোগিতায় মৈনপালকে গ্রেফতার করে ভারতে প্রত্যর্পণ করা হয়। বর্তমানে তিন-তিনটি খুনের মামলায় তিনি সাজা কাটছেন।
বৃহস্পতিবার জেলের বাইরে কড়া সশস্ত্র পুলিশি প্রহরায় মৈনপালের এই রাজকীয় বিয়ের খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ১২ ঘণ্টার বিবাহ-পর্ব চুকিয়ে রাত আটটা বাজতেই নবপরিণীতা স্ত্রী ও সন্তানদের কাঁদিয়ে ফের ঝজ্জরের অন্ধকার কুঠুরিতে ফিরে যেতে হয়েছে হরিয়ানার এই দাগি গ্যাংস্টারকে।
বিষয় : HiddenStoriesNews

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন