কলকাতাঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বঙ্গে প্রথম পুজো। আর সেই উৎসবের মরসুমে নতুন সরকারকে ঘিরে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন টলিউড সুপারস্টার জিৎ। বুধবার রাতে সুরুচি সংঘের পুজো দেখতে গিয়েছিলেন তিনি। আর সেখানে গিয়েই শুভেন্দু সরকারের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।
জিৎ জানালেন, প্রতি বছরই পাড়ার পুজোয় আসেন তিনি। তবে এবার নতুন সরকার, নতুন উদ্যম এবং নতুন শক্তির আবহ তাঁর কাছে আলাদা মাত্রা যোগ করেছে। সংবাদমাধ্যমে মুখোমুখি হয়ে অভিনেতা বলেন, “পুজোয় এসেছি মায়ের দর্শন করতে। আনন্দ করতে। পাড়ার পুজো। আমি আগেও এসেছি, এবারও এলাম। তবে এবার নতুন দল, নতুন সরকার, নতুন উদ্যম, নতুন এনার্জি রয়েছে। আর আগামী দিনে এই সরকারের হাত ধরেই আমাদের সকলকে এগোতে হবে।”
মঙ্গলবার কাঁথির নান্দনিক ক্লাবের দুর্গাপুজো উদ্বোধন করেছিলেন জিৎ। তাঁদের এবারের পুজো ৪৭তম বর্ষে পা দিয়েছে। পুজোর থিম ‘পুণ্যভূমি মেদিনীপুরের বীরগাথা’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশির অধিকারীও। অভিনেতা তাঁর পাশে থাকার এবং তাঁর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে ভালো লেগেছে বলে জানান । সেই অভিজ্ঞতার কথাও সুরুচির মণ্ডপে দাঁড়িয়ে ভাগ করে নিয়েছেন তিনি।
এবারের দুর্গোৎসব ঘিরে কলকাতায় একাধিক বড় আয়োজনেও বিশেষ চমক ছিল। ইডেন গার্ডেন্সে মহালয়ার বিশেষ অনুষ্ঠানে ঢাকিদের সমাবেশ, আলো-শব্দের পরিবেশনা এবং ড্রোনের মাধ্যমে আকাশে দুর্গার অবয়ব ফুটিয়ে তোলা, সবকিছু মিলিয়ে নজর কেড়েছিল এই মেগা ইভেন্ট।
বিষয় : CM Suvendu Adhikari Durga Puja 2026 Jeet

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন