ডাল হোক বা তরকারি, বাঙালির হেঁশেলে হলুদ ছাড়া রান্নার কথা ভাবাই কঠিন। খাবারে রং আনা থেকে শুরু করে স্বাদ বাড়ানো, দৈনন্দিন রান্নায় হলুদের ব্যবহার নিত্যদিনের। ফলে বাজার থেকে কেনা হলুদ গুঁড়োর উপরই ভরসা করতে হয় বেশির ভাগ পরিবারকে। কিন্তু সেই হলুদ গুঁড়ো কতটা খাঁটি, তা কি আমরা বুঝতে পারি? ভেজাল মশলা নিয়ে মাঝেমধ্যেই নানা অভিযোগ ও সতর্কবার্তা সামনে আসে। তাই ভেজাল এড়াতে চাইলে বাড়িতেই বাড়িতে খাঁটি হলুদ গুঁড়ো তৈরি করে নিতে পারেন। একটু সময় লাগলেও পদ্ধতিটি বেশ সহজ।
কীভাবে বানাবেন বাড়ির হলুদ গুঁড়ো?
১। বাজার থেকে গোটা কাঁচা হলুদ কিনে আনুন।প্রথমে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। প্রয়োজন হলে ব্রাশ দিয়ে ঘষে ময়লা তুলে ফেলতে পারেন।
২। পাতলা করে কেটে নিন
হলুদ গোটা অবস্থায় শুকোতে ও পরে গুঁড়ো করতে সময় বেশি লাগে। তাই পরিষ্কার হলুদ খুব পাতলা করে কেটে নিন। পাতলা টুকরো হলে দ্রুত শুকিয়ে যাবে।
৩। পরিষ্কার কাপড় বা ট্রের উপর হলুদের টুকরোগুলি ছড়িয়ে রোদে দিন। কয়েক দিন ধরে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। টুকরোগুলি একেবারে শক্ত ও শুকনো না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আর্দ্রতা থেকে গেলে পরে গুঁড়ো সংরক্ষণে সমস্যা হতে পারে। সময় কম থাকলে ফুড ডিহাইড্রেটর বা ওভেনের মতো উপযুক্ত যন্ত্র ব্যবহার করেও শুকিয়ে নিতে পারেন।
৪। হলুদের টুকরো পুরো শুকিয়ে শক্ত হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে দিন। একসঙ্গে অনেকটা না দিয়ে কয়েক ধাপে গুঁড়ো করলে তুলনামূলক মিহি গুঁড়ো সহজে পাওয়া যায়।
৫। গুঁড়ো করার পর চালনি দিয়ে একবার ছেঁকে নিন। বড় কোনও দানা থেকে গেলে ফের গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন।
কীভাবে সংরক্ষণ করবেন?
হলুদ গুঁড়ো সম্পূর্ণ শুকনো ও পরিষ্কার এয়ারটাইট কাচের পাত্রে রাখুন। পাত্রে যেন কোনও আর্দ্রতা না থাকে। ব্যবহার করার সময় সবসময় শুকনো চামচ ব্যবহার করুন। সরাসরি ভেজা হাতে মশলা নেবেন না। বাড়িতে বানানো হলুদ গুঁড়োর সবচেয়ে বড় সুবিধা হল, প্রতিটি ধাপই আপনি নিজে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে বাজারের প্যাকেটজাত মশলা কিনলে অবশ্যই বিশ্বাসযোগ্য ব্র্যান্ড, প্যাকেজের তথ্য এবং খাদ্যসুরক্ষা সংক্রান্ত মানচিহ্ন দেখে কেনা ভালো।
বিষয় : Turmeric Powder

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন