সাত দশকেরও বেশি সময় ধরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সঙ্গে জড়িয়ে ছিল রাজধানী দিল্লির নাম। দেশের বিভিন্ন প্রান্তের অভিনেতা, পরিচালক, কলাকুশলী এবং চলচ্চিত্র জগতের বিশিষ্টরা পুরস্কার নিতে দিল্লিতেই হাজির হতেন। এবার সেই দীর্ঘদিনের রীতিতেই বড় বদল আনল কেন্দ্র।
এ বার থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর শুধু দিল্লিতে হবে না। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে ঘুরিয়ে আয়োজন করা হবে এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠান। অর্থাৎ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চও এবার পৌঁছে যাবে দেশের নানা প্রান্তে। চলতি বছরে সেই নতুন নিয়মের শুরু হচ্ছে গুজরাটের একতা নগর থেকে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আগামী ২২ সেপ্টেম্বর ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র এলাকায় আয়োজিত হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতেই পুরস্কারপ্রাপকদের সম্মানিত করার কথা রয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে একতা নগরেই যাওয়ার কথা রাষ্ট্রপতির। গুজরাটে এ বছরের অনুষ্ঠান ঘোষণার পরেই অবশ্য প্রশ্ন উঠেছিল, কেন দিল্লির বদলে একতা নগরকে বেছে নেওয়া হল? ‘স্ট্যাচু অফ ইউনিটি’-র সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানকে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েও সিনে মহলে আলোচনা শুরু হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বক্তব্য, জাতীয় চলচ্চিত্র পুরস্কারকে রাজধানীর মধ্যে আটকে না রেখে দেশের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র জগতের সঙ্গে আরও যুক্ত করাই এই সিদ্ধান্তের অন্যতম লক্ষ্য। মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, সারা ভারতের চলচ্চিত্র প্রতিভাদের একত্রিত করে এ বছরের একতা নগরের অনুষ্ঠান ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ভাবনাকে সামনে রাখবে।
বিষয় : Delhi

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন