কলকাতা: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে তল্লাশি চালানোর জন্য নির্বাচন কমিশন নাকি ‘গোপন নির্দেশ’ দিয়েছে। মঙ্গলবারই একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে এমনই বিস্ফোরক দাবি করেছিল ঘাসফুল শিবির। এ নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ দায়ের করল তারা।
তৃণমূলের দাবি, নির্বাচন কমিশনের একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের অন্য সমস্ত প্রথম সারির নেতার গাড়িতে তল্লাশি চালাতে হবে। তালিকার উপরের দিকেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের নাম। তৃণমূলের দাবি, ওই চ্যাটে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে - রুজিরার মাধ্যমে ভোটের জন্য বিপুল পরিমাণ টাকা আদান-প্রদান করা হতে পারে!
শাসকদলের অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সির পর এবার নির্বাচন কমিশনকেও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। তৃণমূল নেতৃত্বের প্রশ্ন, "কেন শুধু তৃণমূল নেতাদেরই নিশানায় রাখা হচ্ছে? কেন বেছে বেছে অভিষেক এবং তাঁর পরিবারের উপর এই নজরদারি? এটি কি নিরপেক্ষ নির্বাচনের লক্ষণ?"
মঙ্গলবার এই চ্যাটের স্ক্রিনশট জনসমক্ষে এনে তৃণমূল দাবি করেছে, কমিশন আসলে নির্দিষ্ট গাইডলাইন মেনে নয়, বরং রাজনৈতিক অভিসন্ধি থেকেই এই নির্দেশ জারি করেছে।
তৃণমূলের এই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে, প্রশাসনিক মহলে এই হোয়াটসঅ্যাপ চ্যাটের সত্যতা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ সত্যি হলে, ভোটের মুখে এটি কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অভিষেক ও তাঁর স্ত্রীর গতিবিধিতে কেন কমিশনের বিশেষ নজর, আর এই ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ আদৌ বৈধ কিনা - তা নিয়েই এখন তোলপাড় বাংলার রাজনীতি।
হিডেন স্টোরিজ নিউজ।
বিষয় : TMC Abhisheik Banerjee ELECTIONCOMMISION

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন