কলকাতা: মহাসপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। উৎসবের মাঝে শহর জুড়ে শোকের ছায়া। এই পরিস্থিতিতে কলকাতায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। পুজো দেওয়ার পর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মহাসপ্তমীর রাতেই কলকাতায় পৌঁছেছিলেন অমিত শাহ। পরদিন, রবিবার শহরের একাধিক পুজো মণ্ডপ পরিদর্শনের কথা ছিল তাঁর। কিন্তু তাঁর মধ্যেই বদলে গেল সবকিছু। সপ্তমীর সন্ধ্যায় উপচে পড়া ভিড় ছিল উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনে। বৃষ্টি শুরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি। এই ঘটনায় পদপৃষ্ঠ হয়ে প্রাণ হারিয়েছেন ১৯ জন। আহতের সংখ্যা আরও বেশি। চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসার পর শাহের কর্মসূচিগুলি বাতিল করা হয়। দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন তিনি।
চোরবাগানকাণ্ডে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। এদিকে রবিবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির নেতারা। পুজো শেষে চোরবাগান বিপর্যয়ে আহতদের দেখতে হাসপাতালে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দুর্ঘটনায় পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলতে পারেন তিনি।
বিষয় : Amit Shah

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন