কলকাতাঃ রাজনৈতিক ময়দানে আক্রমণ-পাল্টা আক্রমণ চলছেই। এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছাত্র-যুবদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে যাদবপুরের ঘটনা সহ একাধিক বিষয়ে সরব হন তিনি। সেই বক্তব্যেই উঠে আসে কালীঘাটের বাড়ির সামনের পরিস্থিতির কথাও।
বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, “প্রতিদিন রাত ১০টায় দুটো পাগল পাঠিয়ে দিচ্ছে মদ খাইয়ে। গালাগাল দিচ্ছে। মাতালদের কাজে লাগাচ্ছে।” একুশে জুলাইয়ের শহিদ সমাবেশের আগে কালীঘাটের বাড়ির সামনে বহিরাগত যুবকদের ঘোরাঘুরি এবং জোরে গান বাজানোর অভিযোগ তুলেছিলেন মমতা। সেই ঘটনার নেপথ্যেও বিজেপিকে দোষারোপ করেছিলেন তিনি। এরপরই বিজেপির বিরুদ্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন মমতা। তাঁর কথায়, “বিজেপি হাইলোডেড, হাইভোল্টেজ ভাইরাস। যেখানে যাবে, সর্বনাশ করবে।” যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “আমরা বিজেপিকে মানি না, জানি না, চিনি না, শুনি না।”
যাদবপুরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও এদিন পুলিশকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “আমার সময়ে পুলিশ মানবিক ছিল। আমি এই পুলিশকে চিনি না। মনে রাখবেন ছাতা কিন্তু সবসময় মাথার উপর থাকবে না। আমাকে নাকি বেরতে দেবে, কত বড় বুকের পাটা।” পাশাপাশি ছাত্র-যুবদের উদ্দেশ্যে রাজনৈতিক লড়াইয়ের বার্তাও দিয়েছেন তৃণমূল নেত্রী।
বিষয় : Mamata Banerjee BJP TMCP

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন