কলকাতাঃ ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতরে হামলার ঘটনায় এবার সরাসরি বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে হামলা চালানো হয়েছে। তাঁর অভিযোগ, "পুলিশকে সঙ্গে নিয়ে মধ্যরাত্রীয় বর্বরতা চালিয়েছে। যদি শেক্সপিয়র সরণি থানার নাকের ডগায় এখানে এরকম হয়, তাহলে গ্রামে গ্রামে কী ঘটছে, একবার ভেবে দেখুন।"
এর আগে সকালেই ঘটনার কথা প্রকাশ্যে আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেন, ‘ভোর প্রায় ৪টা ৩০ মিনিটে অস্ত্রশস্ত্রে সজ্জিত বিজেপির গুন্ডারা কলকাতার প্রাণকেন্দ্রে আমাদের দলীয় কার্যালয়ে জোর করে ঢুকে পড়ে। আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়, আসবাবপত্র ভাঙচুর করা হয়, গোটা অফিস তছনছ করা হয় এবং ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়।’ ঘটনার পর শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত ধৃতদের তৃণমূলের সঙ্গে যোগাযোগ ছিল। যদিও তৃণমূলের অভিযোগের মুখে বিজেপির তরফে দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।
ফেসবুক লাইভে এদিন গেরুয়া রং নিয়েও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘‘গেরুয়া তো পবিত্র, ত্যাগের রং। গতকাল (বুধবার) বিজেপির একটি অনুষ্ঠানে দেখলাম, গেরুয়া কার্পেটের উপর জুতো পরে হেঁটে যাচ্ছেন নেতারা। তার উপর দিয়ে হাঁটা হল কেন? এত কীসের অহংকার?” এছাড়াও তিনি বলেন, ‘‘গিরগিটির দল, লুটেরাদের দল আমাদের পার্টি অফিসে ঢুকে কাগজ, দলিল, জিনিসপত্র সব লুট করেছে। বিজেপি গুন্ডাদের পাঠিয়েছে। আমাদের কর্মীদের ৪ জনকে আটক করে এসব করেছে। পুলিশের ভূমিকা তো রক্ষকের, এখন ভক্ষক হয়ে গিয়েছে।”
বিষয় : Mamata Banerjee BJP TMC

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন