বুয়েন্স আয়ার্স : নীল-সাদা জার্সিটা অবশেষে তুলে রাখার কঠিন ও বেদনাদায়ক সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের যন্ত্রণা এবং তার ঠিক পরপরই বাবা হোর্হে মেসির জীবনাবসান। জোড়া ধাক্কায় শেষ পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের অধ্যায় ইতি টানার ঘোষণা দিয়েছেন এলএম১০।
কিন্তু ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের ফুটবলকে যিনি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, তাঁর এই বিদায় এত সহজে মেনে নিতে পারছে না বুয়েনস আইরেস। দেশের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে চিরস্মরণীয় সম্মান জানাতে এবার এক অভূতপূর্ব ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
এএফএ-র সাম্প্রতিক অফিশিয়াল বুলেটিন অনুযায়ী, আগামী সপ্তাহান্তে দেশের সব স্তরের ঘরোয়া ফুটবল ম্যাচে এলএম১০-এর সম্মানে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। পুরুষ ও মহিলা দুই বিভাগের সিনিয়র ফুটবল, ফুটসল এবং বিচ সকারের প্রতিটি ম্যাচে প্রথমার্ধের ঠিক ১০তম মিনিটে রেফারি হুইসেল বাজিয়ে খেলা থামিয়ে দেবেন।
১ মিনিটের জন্য থমকে যাবে ময়দানের সব লড়াই। গ্যালারি থেকে মাঠ, উপস্থিত সবাই একযোগে হাততালির মাধ্যমে ট্রিব্যুট জানাবেন প্রিয় অধিনায়ককে। এমনকি রাত ৯:১৫ মিনিটে কর্দোবায় অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টাইন কাপের হাইভোল্টেজ বোকা জুনিয়র বনাম ভেলেজ সার্সফিল্ডের দ্বৈরথেও বজায় থাকবে এই বিশেষ সূচি।
কেন বেছে নেওয়া হলো দশম মিনিটকে?
উত্তরটা লুকিয়ে আছে মেসির গায়ে চাপানো সেই আইকনিক ১০ নম্বর জার্সিতেই। জাতীয় দলের হয়ে ২০৭টি ম্যাচ খেলা এবং ১২৫টি গোল করার অনন্য নজির গড়েছেন তিনি এই দুই বিভাগেই তিনি দেশের ফুটবলের ইতিহাসে সর্বকালের শীর্ষে। তাই তাঁর সেই ১০ নম্বর জার্সির সম্মানার্থেই এই দশম মিনিটে খেলা থামানোর সিদ্ধান্ত। এ ছাড়া যেসব স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির ট্রফি জয়, অবিস্মরণীয় মুহূর্ত এবং দেশের হয়ে ঐতিহাসিক অবদান নিয়ে নির্মিত এএফএ-র বিশেষ তথ্যচিত্র পরিবেশন করা হবে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি হাতে লেখা চিঠির ছবি পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ৩৯ বছর বয়সি এই মহাতারকা। দীর্ঘ ও আবেগঘন সেই বার্তায় মেসি লেখেন, “খুব কষ্টে এই সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গিয়েছে। দেশের এই জার্সিটার জন্য আমি সবসময় নিজের সবটুকু উজাড় করে লড়াই করেছি।
তবে নতুন ও অসাধারণ অনেক তরুণ ফুটবলার উঠে আসছে, যারা এই দলে খেলার দাবিদার।” তিনি আরও নিশ্চিত করেন, বিশ্বকাপ ফাইনালের দু’দিন পরেই অর্থাৎ ২১ জুলাই তিনি আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত মনে মনে চূড়ান্ত করেছিলেন। পরবর্তীতে অগাস্টের শুরুতে পিতৃশোকে সেই সিদ্ধান্তেই অনড় থাকেন।
এর আগে ২০১৬ সালের কোপা আমেরিকা ফাইনালে হারের পর একবার অবসর নিলেও ভক্তদের আবেগে ফিরে এসেছিলেন মেসি। আর তার পরেই আর্জেন্টিনাকে উপহার দিয়েছিলেন ফিনালিসিমা, দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালের স্বপ্নের ফিফা বিশ্বকাপ। ২০২৬-এর লড়াইয়ের শেষটা জয়ে না হলেও, দেশের প্রতি তাঁর অবদানকে অনন্য উচ্চতায় রাখতে চায় পুরো দেশ। আগামী সপ্তাহে যখন প্রতিটি স্টেডিয়ামের দশম মিনিটে হুইসেল বাজবে, পুরো আর্জেন্টিনা যেন একসুরে বলে উঠবে— "লিও, তোমার জন্যই তো এই ১০ মিনিট!"
হিডেন স্টোরিজ নিউজ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন