ঘৃণাসূচক মন্তব্য মামলায় বড় ধাক্কা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। পুলিশি হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। তবে সেই আবেদন শুনতেই নারাজ শীর্ষ আদালত। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই, এমনটাই জানিয়ে মামলাটি নিষ্পত্তি করে দিল বিচারপতিদের বেঞ্চ।
শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুরের বেঞ্চে মামলাটির শুনানি হয়। মহুয়ার আইনজীবী আদালতে দাবি করেন, পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য সাংসদকে নিজের লোকসভা কেন্দ্রের একটি থানায় সশরীরে হাজির হতে বলা হয়েছে। পূর্বের একটি ঘটনার উল্লেখ করে তিনি জানান, সেখানে গেলে মহুয়ার দিকে ডিম ছোড়া হয়েছিল। তাই ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়। কিন্তু সেই যুক্তি গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। বরং বেঞ্চের পর্যবেক্ষণ, একজন সাংসদ হিসেবে রাজনৈতিক জীবনে এমন পরিস্থিতির মোকাবিলা করার মানসিকতা থাকা প্রয়োজন। বেঞ্চের মন্তব্য, যেখানে দেশের স্বাধীনতা সংগ্রামীরা বুক পেতে গুলি সহ্য করেছেন, সেখানে ডিম ছোড়ার মতো বিষয় নিয়ে এমন আবেদন গ্রহণযোগ্য নয়।
এর আগে কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত গ্রেফতার বা কড়া পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সুরক্ষা দিয়েছিল। তবে তদন্তে সহযোগিতার জন্য তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ। কিন্তু শীর্ষ আদালত আবেদন গ্রহণে আগ্রহ প্রকাশ না করায় শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেওয়া হয়। আগামী ১ অক্টোবর কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে।
বিষয় : Supreme Court of India Mahua Moitra

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন