মুর্শিদাবাদঃ মাত্র ১১ হাজার টাকা। সেই টাকা দিলেই মিলছে সীমান্ত পার করে দেওয়ার ব্যবস্থা! এছাড়া মোটা টাকা দিলে সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদকও পাচার করা সম্ভব বলে অভিযোগ। মুর্শিদাবাদের রানিনগরে পুলিশের অভিযানে এমনই একটি চক্রের হদিশ মিলেছে। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে দুই স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের সঙ্গে ধরা পড়েছেন এক বাংলাদেশি নাগরিকও। উদ্ধার হয়েছে ৩৮১ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর আসে, এক বাংলাদেশি নাগরিককে সীমান্ত পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সীমান্তের দিকে যাওয়ার পথে তিনজনকে দেখতে পান পুলিশকর্মীরা। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশের দাবি, জেরায় তিনজনের কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হয়। পরে তিনজনকেই গ্রেপ্তার করা হয়। ধৃত দুই ভারতীয়ের নাম তপন মণ্ডল এবং জাহাঙ্গির শেখ। দু’জনেরই বাড়ি রানিনগরের পুরাতন ডিগ্রি গ্রামে। অন্যদিকে ধৃত বাংলাদেশি নাগরিক আনসুর আলির বাড়ি বাংলাদেশের রাজশাহীতে।
তদন্তকারীদের দাবি, আনসুর কয়েক বছর আগে ভারতে এসেছিলেন। পরে লালগোলায় বিয়ে করে শ্বশুরবাড়ির এলাকায় থাকতে শুরু করেন। অভিযোগ, শ্বশুরকে নিজের বাবা পরিচয় দিয়ে তাঁর নামে ভুয়ো আধার ও ভোটার কার্ডও তৈরি করা হয়েছিল। রবিবার বাংলাদেশে নিজের বাড়িতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তার আগেই পুলিশের হাতে ধরা পড়েন তিনি। সূত্রের খবর, পুলিশের প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সীমান্ত পার করে দেওয়ার জন্য মাথাপিছু ১১ হাজার টাকা নিতেন ওই দুই পাচারকারী। গত ১৯ অগস্ট রানিনগর থানার পুলিশ অবৈধ ভাবে ভারতে প্রবেশের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ থেকেই সীমান্ত পারাপারের এই চক্র সম্পর্কে তথ্য পাওয়া যায়।
বিষয় : Raninagar Murshidabad Border Crossing

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন