শ্রীনগর: শ্রীনগর বিমানবন্দরে বিপত্তি,মাটি ছুঁতেই বড়সড় দুর্ঘটনার মুখোমুখি হল যাত্রীবাহী বিমান! শুক্রবার সকালে শ্রীনগর বিমানবন্দরে অবতরণের পর রানওয়ে থেকে পার্কিং এলাকায় যাওয়ার পথে একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারল ইন্ডিগোর একটি উড়ান। আকস্মিক এই দুর্ঘটনায় বিমানের নাকের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কপালজোরে রক্ষা পেয়েছেন বিমানে থাকা সমস্ত যাত্রী ও বিমানকর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানযাত্রীদের মধ্যে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল ইন্ডিগোর ৬ই ২২৫ (6E 225) নম্বর উড়ান, যা সকালে নবী মুম্বই থেকে শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছিল। সকাল ৯টা ২ মিনিটে শ্রীনগর বিমানবন্দরে বিমানটি নিরাপদে স্পর্শ করার পর সেটিকে পার্ক করানোর জন্য নির্ধারিত ৬ নম্বর বে-র দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই সময়ই পার্কিং এলাকায় বসানো ‘ভিজ়ুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম’ (VDGS)-এর একটি খুঁটিতে বিমানটি সজোরে ধাক্কা মারে। বিকট শব্দ ও ঝাঁকুনিতে কেঁপে ওঠে বিমানের ভেতরটা। তবে বিমানসংস্থার তরফে তড়িঘড়ি সমস্ত যাত্রীকে নিরাপদেই বাইরে বের করে আনা হয়। কেউ আঘাত পাননি বলে ইন্ডিগো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
অবতরণের পর কীভাবে একজন অভিজ্ঞ পাইলটের নিয়ন্ত্রণে থাকা বিমান ডকিং সিস্টেমের খুঁটিতে ধাক্কা মারল, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধান করতে একটি উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। তবে এই দুর্ঘটনার ফলে শ্রীনগর বিমানবন্দরের স্বাভাবিক বিমান চলাচলে বা পরিষেবায় কোনও বড় প্রভাব পড়েনি।
সাম্প্রতিক সময়ে দেশের বেসামরিক বিমান পরিবহণে একের পর এক যান্ত্রিক গোলযোগ ও বিপত্তির ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। উল্লেখ্য, গত মঙ্গলবারই গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি উড়ানের মাঝ-আকাশে আচমকা ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটিকে জরুরি ভিত্তিতে পুনরায় গোয়ায় নামিয়ে আনা হয়। এমনকি বৃহস্পতিবার বারাণসী থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানেও মাঝ-আকাশে 'স্মোক অ্যালার্ম' বাজায় লখনউ বিমানবন্দরে সেটির জরুরি অবতরণ করানো হয়। পর পর এমন দুর্ঘটনায় উড়ান নিরাপত্তার মান নিয়ে বড়সর প্রশ্নচিহ্ন উঠে গেল।
হিডেন স্টোরিজ নিউজ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন