রবিবার মানেই একটু জমিয়ে খাওয়া-দাওয়া। তবে মাছ মাংস খেতে খেতে মুখের রুচি টাটা বাইবাই বলে দিয়েছে? আর রোজকার ডিমের ঝোল বা কালিয়া খেতে খেতে যদি স্বাদে একটু বদল চান, তাহলে আজই বানিয়ে ফেলতে পারেন হাঁসের ডিমের দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা তো অনেকেই খেয়েছেন, কিন্তু হাঁসের ডিম দিয়ে এই রান্না খেয়ে দেখেছেন কি?
দুই ধরনের পেঁয়াজ—একটা বাটা, আর একটা ডুমো করে কাটা। সঙ্গে মশলার ঝাঁঝ আর হাঁসের ডিমের আলাদা স্বাদ। সব মিলিয়ে রবিবারের দুপুরের পাতে এই রান্না হতে পারে একেবারে অন্যরকম।
বানাতে যা যা লাগবে
হাঁসের ডিম – প্রয়োজনমতো
পেঁয়াজ – বাটা ও ডুমো করে কাটা
জিরে – ১ টেবিলচামচ
রসুনকুচি – ২ টেবিলচামচ
শুকনো লঙ্কা – ২টি
কাশ্মীরি লঙ্কাগুঁড়ো – ২ টেবিলচামচ
কাঁচালঙ্কা – ৪-৫টি
জিরেগুঁড়ো – ১ চা-চামচ
ধনেগুঁড়ো – ১ চা-চামচ
আদা-রসুনবাটা
টম্যাটো বাটা ও কুচি
সাদা তেল – ৩ টেবিলচামচ
ঘি – ১ টেবিলচামচ
টক দই – ১ টেবিলচামচ
নুন ও চিনি – স্বাদমতো
হলুদ – প্রয়োজনমতো
দেখে নিন যেভাবে বানাবেন
প্রথমে হাঁসের ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। ডিমের গায়ে হালকা করে ছুরি দিয়ে কয়েকটি দাগ কেটে নিন, যাতে রান্নার মশলা ভিতরেও ভালোভাবে ঢোকে। এবার তেলে নুন ও হলুদ দিয়ে ডিমগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
কড়াইয়ে তেল ও ঘি গরম করে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর আদা-রসুনবাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো ও কাঁচালঙ্কা দিয়ে কষতে থাকুন। তারপর টম্যাটো বাটা দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন, যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে।
এবার জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো এবং ফেটানো টক দই দিয়ে আঁচ কমিয়ে আবার কষিয়ে নিন। মশলা থেকে তেল বেরিয়ে এলে অল্প গরম জল দিয়ে ফুটিয়ে নিন। এরপর ভেজে রাখা ডিম দিয়ে ঢেকে কম আঁচে রান্না হতে দিন।
এবার আসল দো পেঁয়াজার টুইস্ট। অন্য একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিন। রসুনকুচি হালকা ভেজে তাতে ডুমো করে কাটা পেঁয়াজ ও টম্যাটোকুচি দিয়ে নাড়াচাড়া করুন। সামান্য নুন দিয়ে পেঁয়াজ একটু নরম হয়ে এলে এই মিশ্রণটি ডিমের ঝোলে দিয়ে দিন।
আর মিনিট দুয়েক রান্না করলেই তৈরি হাঁসের ডিমের দো পেঁয়াজা। মশলায় মাখানো পেঁয়াজের মিষ্টি স্বাদ আর হাঁসের ডিম। রবিবারের দুপুরে গরম ভাতের সঙ্গে জমে যাবে একেবারে।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন