কলকাতাঃ দুই ছাত্র সংগঠনের সংঘর্ষে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ক্যাম্পাস। এর মধ্যেই ফের সামনে এসেছে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্রসংসদ নির্বাচনের প্রসঙ্গ। প্রশ্ন উঠছে, ছাত্র রাজনীতি নিয়ে এত বিতর্কের মধ্যেও কবে হবে ছাত্রভোট?
গত বুধবার রাত থেকেই যাদবপুরে উত্তেজনা। ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের সাধারণসভা আয়োজনকে কেন্দ্র করে আপত্তি জানায় এবিভিপি। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। ঘটনায় বহিরাগত তাণ্ডবের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের মন্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়। তাঁর বক্তব্য ছিল, ছাত্রসংসদ না থাকলে সাধারণসভা আয়োজনের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। এর পরেই পড়ুয়াদের একাংশের প্রশ্ন, যদি নির্বাচিত ছাত্রসংসদই না থাকে, তাহলে ছাত্রদের নিজেদের দাবি-দাওয়া জানানোর সাংগঠনিক জায়গা কোথায়?
পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে প্রায় এক দশক ধরেই ছাত্রসংসদ নির্বাচন নিয়মিত নয়। যাদবপুরেও শেষ ছাত্রভোট হয়েছিল ২০২০ সালের ফেব্রুয়ারিতে। এবার সরকার বদলের পর নতুন করে ছাত্রভোটের দাবি উঠছে। শুধু বামপন্থী ছাত্র সংগঠন নয়, এবিভিপিও দ্রুত নির্বাচন চায়। তাদের বক্তব্য, ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নির্বাচিত ছাত্রসংসদ প্রয়োজন। তবে নির্বাচন নিয়ে শিক্ষকদের মধ্যেই রয়েছে মতভেদ। তাদের বক্তব্য, ভর্তি প্রক্রিয়া নিয়ম মেনেই হয়। ছাত্রসংসদ নির্বাচন হলে পড়ুয়ারা নিজেদের সমস্যা ও দাবি সঠিক জায়গায় তুলে ধরার সুযোগ পাবেন।
বিষয় : ABVP Jadavpur University SFI

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন