মালদহঃ কাজের খোঁজে বাংলাদেশ থেকে বেঙ্গালুরুতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিলেন ৩১ জন বাংলাদেশি। এবার তাঁদের পশ্চিমবঙ্গের মালদহে আনা হল। সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়ার আগে আপাতত তাঁদের হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।
সম্প্রতি বেঙ্গালুরুতে কর্ণাটক পুলিশের তরফে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ‘অপারেশন মুক্ত’ নামে ৯ আগস্টের সেই অভিযানে হোয়াইটফিল্ড এবং ইলেকট্রনিক সিটি এলাকায় বিপুল সংখ্যক মানুষের নথিপত্র যাচাই করা হয়। পুলিশ সূত্রে খবর, প্রায় ২ হাজার ৯৪৪ জনের কাগজপত্র দেখে ১০৫ জনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়। তাঁদের মধ্যে ৩১ জনকে বেঙ্গালুরু থেকেই আটক করা হয়েছিল। পুলিশি প্রক্রিয়া শেষে রবিবার তাঁদের মালদহের উদ্দেশে বিশেষ নজরদারিতে ট্রেনে তোলা হয়। মঙ্গলবার রাতে ট্রেনটি মালদহ টাউন স্টেশনে পৌঁছয়। মোতায়েন ছিল জেলা পুলিশের বাহিনী। জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকেই বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন বলে অভিযোগ। তাঁদের কাছে ভারতে থাকার বৈধ নথি ছিল না।
মালদহে পৌঁছনোর পর রাতেই ৩১ জনকে জেলা পুলিশের হাতে তুলে দেয় কর্ণাটক পুলিশ। এরপর তাঁদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। তাঁরা আপাতত সেখানেই রয়েছেন। এবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই বহু অনুপ্রবেশকারীকে সীমান্তপথে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ইস্যুতে ‘জিরো টলারেন্সে’র বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন