তিরুঅনন্তপুরম: দীর্ঘ ন’বছরের লিভ-ইন সম্পর্কের ইতি টেনে পর্তুগালের কাসকাইসে জর্জিনা রড্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ফুটবল বিশ্বের জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর তার পরেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর হানিমুন ডেস্টিনেশন হিসেবে ‘ঈশ্বরের নিজের দেশ’ কেরলের নাম উঠে আসায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সেই চর্চায় এবার আক্ষরিক অর্থেই ঘৃতাহুতি দিল সিআর৭-এর দিদি এলমা আভেইরোর আকস্মিক কেরল সফর এবং খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত বৈঠক।
কোঝিকোড়ে একটি নামী গয়না প্রতিষ্ঠানের ‘স্পার্কল ডায়মন্ড ফেস্ট’-এর বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি কেরলে পা রাখেন এলমা। সফর চলাকালীন রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি নিজের সমাজমাধ্যমে ভাগ করে মুখ্যমন্ত্রী জানান, কেরলে রোনাল্ডোর প্রতি সাধারণ মানুষের যে আবেগ ও পাগলামি রয়েছে, এলমার মাধ্যমে সেই বার্তাই তিনি মহাতারকার কাছে পৌঁছে দিয়েছেন। নিজেকে রোনাল্ডোর অন্ধ ভক্ত হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, মালয়ালি ফুটবলপ্রেমীদের হৃদয়ে সিআর৭-এর স্থান কতটা শীর্ষে। জবাবে দিদি এলমাও আশ্বস্ত করেন যে, দক্ষিণ ভারতের এই অগাধ ভালোবাসা ও উষ্ণ আতিথেয়তার কথা তিনি সরাসরি তাঁর ভাইয়ের কাছে পৌঁছে দেবেন।
ইতিমধ্যেই কেরল পর্যটন দফতরের তরফে সমাজমাধ্যমে নবদম্পতিকে আমন্ত্রণ জানিয়ে লেখা হয়েছিল, ‘মধুচন্দ্রিমার জন্য কেরলকে বেছে নিলে কেমন হয়?’ ইদুক্কির মুন্নারের কুয়াশাঘেরা পাহাড়, সবুজ চা-বাগান কিংবা আলেপ্পির শান্ত ব্যাকওয়াটারের বিলাসবহুল হাউসবোটের হাতছানি যে কোনও পর্যটকের কাছেই স্বর্গরাজ্য। এমন মোহনীয় পরিবেশকে রোনাল্ডো তাঁর বিয়ের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নেবেন কি না তা স্পষ্ট না হলেও, খোদ তাঁর দিদি রাজ্যে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে যাওয়ায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আশা আর জল্পনার পারদ কয়েক গুণ বেড়ে গিয়েছে।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন