কলকাতাঃ নিম্নচাপের ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। পাশাপাশি পুরনো বাড়িগুলি নিয়েও আশঙ্কা বাড়ে। তার মধ্যেই উত্তর কলকাতার শোভাবাজারে হঠাৎ ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বাড়ির ভিতরে থাকা দুই বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটে ৬৬ নম্বর রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা ওই বাড়িটি বহু পুরনো এবং বেশ কিছুদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। কলকাতা পুরসভার তরফে বাড়িটিকে বিপজ্জনক বলে আগেই নোটিস দেওয়া হয়েছিল। এমনকী বাড়ির বাইরে সতর্কতামূলক বোর্ডও লাগানো ছিল বলে জানা গিয়েছে। এদিন দুপুর দেড়টা নাগাদ আচমকাই বাড়িটির বারান্দা এবং ছাদের একটি অংশ ভেঙে রাস্তায় পড়ে যায়। বাড়িটি একটি সরু গলির মধ্যে হওয়ায় মুহূর্তের মধ্যে সেখানে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে ছিলেন দুই ব্যক্তি। স্থানীয়রাই ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপ পেরিয়ে তাঁদের বাইরে বের করে আনেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।
ধ্বংসস্তূপের নীচে তল্লাশি চালানো হয়। এমনকি পুলিশ কুকুর দিয়েও অনুসন্ধান করা হয়। তবে এখনও পর্যন্ত কাউকে ধ্বংসস্তূপের নীচে পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, টানা বৃষ্টিতে বাড়িটির দুর্বল অংশ আরও নড়বড়ে হয়ে পড়েছিল। তবে ঠিক কী কারণে বাড়িটির ওই অংশ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন