কলকাতাঃ ফিরহাদ হাকিমের নাম-জড়িত দুই সংস্থায় হানা দিল তদন্ত কমিশন। বৃহস্পতিবার দুপুরে নিউ আলিপুরের টালিগঞ্জ সার্কুলার রোড এলাকায় ‘হাকিম পলিমেকার’ এবং ‘হাকিম কেমিক্যালস’-এর দফতরে তল্লাশি চালান প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী কমিশনের সদস্যেরা। অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন এই তদন্ত কমিশনের সঙ্গে ছিল নিউ আলিপুর থানার পুলিশও।
তদন্তকারীদের নজরে সংস্থাগুলির সম্পত্তি কেনাবেচা এবং তার আর্থিক উৎস। দুর্নীতির মাধ্যমে কোনও সম্পত্তি কেনা হয়েছিল কি না, অথবা এর পিছনে কোনও প্রাতিষ্ঠানিক দুর্নীতির যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই তল্লাশি। তথ্য অনুযায়ী, ‘হাকিম পলিমেকার প্রাইভেট লিমিটেড’ প্লাস্টিকজাত সামগ্রী তৈরির সঙ্গে যুক্ত। অন্যদিকে ‘হাকিম কেমিক্যালস’-এ রাসায়নিক সামগ্রী তৈরি হত বলে জানা গিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুটি সংস্থার সঙ্গেই প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের মালিকানার যোগ রয়েছে। তল্লাশি চলাকালীন অবশ্য সংস্থাগুলির দফতরে ফিরহাদ হাকিম বা তাঁর পরিবারের কোনও সদস্য উপস্থিত ছিলেন না।
তৃণমূল আমলে কথিত প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যের বিজেপি সরকার এই তদন্ত কমিশন গঠন করেছে। কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে কমিশনের নেতৃত্বে রাখা হয়েছে। এরই মধ্যে ফিরহাদ হাকিমের নাম-জড়িত দুই সংস্থায় তদন্ত কমিশনের এই অভিযান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিষয় : Firhad Hakim

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন