কলকাতাঃ শুধু বইয়ের পাতায় পড়াশোনা নয়, এবার ভবিষ্যতের আর্থিক সুরক্ষার বিষয়ে স্কুলপড়ুয়াদের সচেতন করতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। জীবন বিমা এবং সঞ্চয়ের গুরুত্ব সম্পর্কে পড়ুয়াদের সচেতন করতে কলকাতার স্কুলগুলিতে শুরু হতে চলেছে বিশেষ প্রচার অভিযান। এই কর্মসূচির আয়োজন করা হবে সরকারি, সাহায্যপ্রাপ্ত এবং স্পনসর্ড মাধ্যমিক স্কুলগুলিতে।
ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি-র উদ্যোগে এবং স্কুল শিক্ষা দপ্তরের সহযোগিতায় এই সচেতনতা অভিযান চালানো হবে। এই কর্মসূচির লক্ষ্য ‘হর ঘর বিমা’ স্লোগানকে সামনে রেখে পড়ুয়া এবং সাধারণ মানুষের মধ্যে জীবন বিমার প্রয়োজনীয়তা তুলে ধরা। সম্প্রতি কলকাতার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক শিক্ষা) কার্যালয় থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এলআইসি-র কলকাতা শাখার তরফে স্কুল শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পর উচ্চপর্যায়ের সম্মতি মিলেছে। তারপরই স্কুলগুলিতে সচেতনতা শিবির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু কেন স্কুলপড়ুয়াদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে? স্কুলে শুরু হওয়া সচেতনতার পাঠ পড়ুয়াদের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছেও যেন পৌঁছে যায়। এই শিবিরগুলিতে পড়ুয়াদের সঙ্গে আলোচনা করা হবে জীবন বিমার প্রয়োজনীয়তা, ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা এবং সঞ্চয়ের গুরুত্ব নিয়ে। একইসঙ্গে সাধারণ মানুষের মধ্যেও বিমা সংক্রান্ত সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হবে।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন