কলকাতাঃ দক্ষিণবঙ্গে একদিকে হাঁসফাঁস গরম, অন্যদিকে ফের বৃষ্টির পূর্বাভাস। সাপ্তাহিক ছুটির দিনেও ভ্যাপসা আবহাওয়া থেকে পুরোপুরি স্বস্তি নেই। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়েছে। আপাতত সমুদ্রে নতুন কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। তবুও বর্ষাকালীন অক্ষরেখা সক্রিয় থাকায় বৃষ্টির সম্ভাবনা একেবারে কাটছে না। স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে আরও কয়েক দিন বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে শনিবার থেকেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পুরুলিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া ও হুগলিতেও সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপাতত গরমের সঙ্গে বৃষ্টির লুকোচুরি চলবেই। তবে মঙ্গলবারের পর দক্ষিণবঙ্গের কোনও জেলায় আলাদা করে আবহাওয়া সতর্কতা থাকছে না।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে। সোমবার কোচবিহার ও দার্জিলিঙে এবং শনিবার কালিম্পঙে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। এদিকে বৃষ্টি কিছুটা কমতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে। ফলে নিম্নচাপ সরে গেলেও বর্ষার প্রভাব পুরোপুরি কাটেনি।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন