রবিবারের বৃষ্টির পর সপ্তাহের প্রথম দিনেই ফের বদলে গেল বাংলার আবহাওয়ার ছবি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। তার জেরেই সোমবার ভোররাত থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বাড়বে বৃষ্টির দাপট।
নিম্নচাপের প্রভাবে হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমের কিছু অংশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে সপ্তাহের শুরুতেই দুর্যোগের আশঙ্কা বাড়ছে পশ্চিমাঞ্চলেও। সোমবার সকাল থেকেই ভারী বৃষ্টিতে ভিজছে শহর। টানা বর্ষণ চলতে থাকলে কলকাতার নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা রয়েছে। সমস্যায় পড়েছেন অফিসযাত্রীরাও।
এদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকার পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাতেও দিনভর কমবেশি বৃষ্টি চলতে পারে।

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন