নবদ্বীপঃ দুধ স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু তাতেই মিশছে বিষ। এই অভিযোগে নবদ্বীপে একটি দুধের কারখানায় অভিযান চালালো পুলিশ। আর সেখান থেকেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ রাসায়নিক, পাউডার, ওষুধ ও তরল পদার্থ। স্থানীয়দের দাবি, আসল দুধের পরিমাণ কম রাখা হচ্ছে, তার পরিবর্তে ক্ষতিকর উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ তরল দুধ তৈরি করা হত। এই ঘটনায় ইতিমধ্যেই এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে নবদ্বীপের মহিশুড়া ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকার একটি কারখানায়। স্থানীয় বিজেপি নেতা শশধর নন্দীর অভিযোগ, অল্প পরিমাণ আসল দুধের সঙ্গে ছানার জল, রাসায়নিক, ওষুধ এবং অ্যাসিডজাতীয় পদার্থ মেশানো হত। এর ফলে প্রায় প্রায় ২০ লিটার দুধ পরিণত হত প্রায় ১০০ লিটার তরলে। তারপরে সেই তরল প্যাকেট বা কন্টেনারে ভরে বিভিন্ন জায়গায় পাঠানো হত। তবে এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। কারখানাটি আপাতত বন্ধ করে দিয়েছে নবদ্বীপ থানার পুলিশ। অভিযানের সময় কারখানায় থাকা যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি ওই কারখানার মালিকের ভাগ্নে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ঘটনাস্থলে একটি দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির বোর্ড ঘিরেও নতুন তরজা শুরু হয়েছে। বোর্ডে ‘নবদ্বীপ ঘোষপাড়া দুগ্ধ উৎপাদক সমবায় সমিতি লিঃ’-এর নাম রয়েছে। পাশপাশি উল্লেখ করা হয়েছে সমিতির রেজিস্ট্রেশন নম্বর, ঠিকানা এবং সংশ্লিষ্ট দুগ্ধ সমবায় সংস্থার নামও। তবে এই সমবায় সমিতির সঙ্গে অভিযুক্ত কারখানার কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মহকুমা শাসক জানিয়েছেন, দুধের সঙ্গে সরাসরি শিশুদের স্বাস্থ্যের দিকটাও দেখতে হবে। তাই এই ধরনের ঘটনায় কোনও গাফিলতি মেনে নেওয়া হবে না। ডেয়ারি ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছেন।
বিষয় : Crime News Nabadwip

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন