পুজোর শপিং শুরু, পছন্দের শাড়িও চোখে পড়ছে। কিন্তু দাম দিয়ে নকল শাড়ি তুলে নিচ্ছেন না তো? তাও যদি হয় পছন্দের হ্যান্ডলুম শাড়ি! যেটাকে হ্যান্ডলুম বলে কিনছেন, সেটা সত্যিই হাতে বোনা তো? নাকি মেশিনের তৈরি কাপড়কেই হ্যান্ডলুম বলে বিক্রি করা হচ্ছে?
আসল হ্যান্ডলুম চিনতে প্রথমেই দেখুন শাড়ির বুনন। দু’দিক ভালো করে খেয়াল করুন। হাতে বোনা শাড়িতে সুতোর ভাঁজ , রং বা নকশায় সামান্য পার্থক্য থাকতেই পারে। একেবারে নিখুঁত না হওয়াটাই অনেক সময় এর বিশেষত্ব।
সিল্কের শাড়ি হলে আরও বেশি সাবধান। মালবেরি, তসর, মুগা, এরি; সিল্কের ধরন হয় একাধিক। খাঁটি সিল্ক সাধারণত নরম এবং হালকা উজ্জ্বল হয়। অস্বাভাবিক ঝকঝকে হলে সেক্ষেত্রে সতর্ক হন। আর কেনার আগে অবশ্যই দেখে নিন সিল্ক মার্ক। তবে খাঁটি সিল্ক আর হ্যান্ডলুম - দুটো এক জিনিস নয়।
এবার আসি জিআই ট্যাগ -এর কথায়। কোনও নির্দিষ্ট এলাকার বিখ্যাত হ্যান্ডলুম কিনলে তার জিআই ট্যাগ রয়েছে কি না দেখে নিতে পারেন। এতে পণ্যটির নির্দিষ্ট অঞ্চল ও ঐতিহ্যের পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যায়।আর দাম দেখে সিদ্ধান্ত নেবেন না। বেশি দাম মানেই হ্যান্ডলুম নয়। তবে হাতে বোনা শাড়ি তৈরি করতে সময় লাগে অনেক বেশি। কখনও কয়েক দিন, কখনও কয়েক সপ্তাহ। তাই এর দামও স্বাভাবিকভাবেই বেশি হতে পারে।
আর হ্যান্ডলুম মানেই শুধু সুতি- এই ধারণাটাও ভুল! বেনারসি, কাঞ্জিভরম, পৈঠানি, কোসা সিল্ক ভারতের বিভিন্ন প্রান্তে রয়েছে নানা ধরনের ঐতিহ্যবাহী হ্যান্ডলুম।
তাই পুজোর শাড়ি কেনার সময় একটু সতর্ক থাকুন। আর আসল হ্যান্ডলুমের সাজে নিজেকে সাজিয়ে তুলুন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন