কাঁকসাঃ হস্টেলের ঘরেই উদ্ধার প্রথম বর্ষের এক মেডিক্যাল পড়ুয়ার ঝুলন্ত দেহ। শুক্রবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার রাজবাঁধ এলাকায়। তবে পড়ুয়ার মৃত্যুর নেপথ্যে কী কারণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম অভিষেক কুমার। বয়স ২০ বছর। বিহারের সীতামারি এলাকার বাসিন্দা। অভিষেক কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। কলেজের হস্টেলেই থাকতেন তিনি। শুক্রবার দুপুরে অভিষেকের সহপাঠী নমাজ পড়তে ঘরের বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনও সাড়া পাওয়া যায়নি। তারপর সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকেন সহপাঠীরা। ভিতরে ঢুকতেই চোখে পড়ে অভিষেকের ঝুলন্ত দেহ। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হস্টেলে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
ইতিমধ্যেই অভিষেকের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলতে পারে বলে মনে করছে পুলিশ। পাশাপাশি, ঘটনার আগে অভিষেকের সঙ্গে কী হয়েছিল, তাঁর মানসিক অবস্থাই বা কেমন ছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন