কলকাতাঃ নিউ মার্কেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। গভীর রাতে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের। দমবন্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মৃতদের মধ্যে এক শিশু, দুই মহিলা এবং ছয় জন পুরুষ রয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন।
ঘটনাটি ঘটেছে হোটেল শিখা ইনে। মঙ্গলবার গভীর রাতে হোটেলের তিনতলা থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে। সেই সময় হোটেলের অধিকাংশ আবাসিক ঘুমিয়ে ছিলেন। আচমকা গোটা হোটেল কালো ধোঁয়ায় ঢেকে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে আবাসিকরা হোটেল থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন। কয়েকজন আবাসিকের দাবি, তাঁরা সাহায্যের জন্য হোটেল কর্মীদের ডাকাডাকি করলেও দ্রুত কাউকে পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শুরু হয় উদ্ধারকাজ।
আহত অন্তত ছয় জনকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, তাঁরা চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন। এই ঘটনার পর হোটেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। আবাসিক ও স্থানীয়দের একাংশের অভিযোগ, হোটেলে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা ছিল না। এমনকি আগুন লাগার সময় ফায়ার অ্যালার্মও বাজেনি বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হোটেল মালিকের খোঁজেও তল্লাশি চলছে।
বিষয় : Kolkata Fire Accident

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন