বীরভূম: বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের হদিশ মেলেনি। কিন্তু তদন্ত থেমে নেই। টুলুর সূত্র ধরে এবার তদন্তকারীদের নজরে এসেছে তাঁর শ্বশুরবাড়ি এবং দুই শ্যালকের ব্যবসা। বীরভূমের পাড়ুইয়ে তল্লাশি চালিয়ে একাধিক ব্যাগ উদ্ধার করেছে পুলিশ।
তদন্তকারীদের ধারণা, টুলু মণ্ডল দেশ ছেড়ে বিদেশে গা ঢাকা দিয়েছেন। তাই এই পরিস্থিতিতে তাঁর আর্থিক লেনদেন ও ঘনিষ্ঠদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্রেই পাড়ুইয়ে টুলুর শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তকারীদের নজরে রয়েছেন টুলুর দুই শ্যালক, শামসুল আলম ওরফে মিঠু এবং নুর আলম ওরফে মিন্টু। স্থানীয়দের একাংশের দাবি, দুই ভাইয়ের আদি বাড়ি পাশের তালিপুর গ্রামে। ২০১১-১২ সালের দিকে তাঁরা পাড়ুইয়ে বসবাস শুরু করেন। টুলু মণ্ডলের পর তারাও পাথর ব্যবসায় নামেন। এলাকার বাসিন্দাদের দাবি, ব্যবসায় আসার আগে একজন ধান কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন, অন্যজন চালাতেন গাড়ি। স্থানীয় সূত্রের দাবি, বর্তমানে তাঁদের নামে একাধিক পাথরের ডিপো রয়েছে। এছাড়াও প্রায় ৪০টি ডাম্পারের মালিক বলেও অভিযোগ ওঠে। স্থানীয়দের একাংশের দাবি, বহু ডাম্পারে 'MSP' লেখা রয়েছে, যার অর্থ 'Mandal Stone Production' হতে পারে বলে তাঁদের অনুমান। যদিও এই বিষয়ে তদন্তকারীদের তরফে এখনও কোনও সরকারি মন্তব্য করা হয়নি।
তদন্তকারীরা দুই শ্যালকের আর্থিক লেনদেন ও সম্পত্তির উৎস খতিয়ে দেখছে। তল্লাশির সময় তাঁদের বাড়ি থেকে একাধিক ব্যাগ উদ্ধার হয়েছে। প্রাথমিক ধারণা, ব্যাগগুলিতে নগদ টাকা থাকতে পারে। তবে ব্যাগগুলিতে কী রয়েছে, তা খতিয়ে দেখার কাজ চলছে।
বিষয় : Tulu Mondal Police Investigation

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন